সাইবার অপরাধ মোকাবিলা

পুলিশের আন্তর্জাতিক সংযুক্তি নতুন সম্ভাবনা তৈরি করেছে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ
ফাইল ছবি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের আন্তর্জাতিক সংযুক্তি নতুন সম্ভাবনা তৈরি করেছে।
আজ বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপার বার্ষিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।

পুলিশ স্টাফ কলেজের ব্যবস্থাপনায় বিশ্বের বিভিন্ন দেশে পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের আন্তর্জাতিক সংগঠন ইন্টারপার তিন দিনব্যাপী ১১তম বার্ষিক সম্মেলন গত ১২ সেপ্টেম্বর ঢাকায় শুরু হয়। এবারের এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘ডিজিটালাইজেশন অব পুলিশিং’।

বেনজীর আহমেদ বলেন, সাইবার অপরাধ এখন বিশ্বে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই অপরাধ মোকাবিলা করা কোনো একটি দেশের পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রয়োজন একটি জোট গঠন ও বিভিন্ন দেশের পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো। এ ক্ষেত্রে ইন্টারপা সদস্যদেশগুলোর পুলিশ সদস্যদের সক্ষমতা বাড়াতে একটি সম্ভাবনাময় সংগঠন। পুলিশের আন্তর্জাতিক সংযুক্তি সাইবার অপরাধ মোকাবিলায় নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে মত দেন তিনি।

আইজিপি বলেন, ইন্টারনেট ব্যবহারের ফলে বিশ্বব্যাপী মানুষ একে অপরের সঙ্গে সংযুক্ত। সাইবার অপরাধীরাও দেশের সীমানা ছাড়িয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করে সাইবার জগতে অপরাধ করছে। বর্তমান বিশ্বে ডিজিটাল সিস্টেম ও প্ল্যাটফর্ম ব্যবহার করে যেভাবে অপরাধ বাড়ছে, তা ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য হুমকি হয়ে উঠছে। এ জন্য পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষায়, অপরাধ নিয়ন্ত্রণ ও ইন্টারনেট ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

পুলিশপ্রধান বলেন, সফলভাবে অপরাধ দমন, মোকাবিলা ও তদন্তের জন্য পুলিশিংয়ের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। সাইবার অপরাধ বেড়ে যাওয়ায় ইন্টারনেট ব্যবহারকারীরা সাইবার জগতে পুলিশের নিবিড় পর্যবেক্ষণ প্রত্যাশা করে বলে মনে করেন তিনি।

ইন্টারপা সম্মেলনকে সফল আখ্যায়িত করে পুলিশের মহাপরিদর্শক বলেন, সম্মেলনে সদস্যদেশগুলোর পুলিশের সক্ষমতা বাড়াতে সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত হয়েছে।

সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ ঘটেছে, যা সাইবার জগতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

এ ধরনের একটি আন্তর্জাতিক সম্মেলনের সফল আয়োজনের জন্য পুলিশ স্টাফ কলেজ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আইজিপি। বাংলাদেশকে সম্মেলনের ভেন্যু নির্বাচনের জন্য ইন্টারপার প্রেসিডেন্ট ও অন্যদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে ইন্টারপার প্রেসিডেন্ট ও তার্কিশ ন্যাশনাল পুলিশ একাডেমির রেক্টর অধ্যাপক ইলমাজ কোলাক এবং বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) খন্দকার গোলাম ফারুক বক্তব্য দেন।

ইন্টারপা সম্মেলনে বিভিন্ন কর্ম অধিবেশনে বাংলাদেশসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা ১৩টি ‘পেপার’ উপস্থাপন করেন। বিশ্বের ৪৪টি দেশের ১২৭ জন প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। ২০২৩ সালে ইন্টারপার ১২তম বার্ষিক সম্মেলনের আয়োজক দেশ ভারত।