
সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার তিন বছর পর সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিধান প্রশ্নে রুলের ওপর পরবর্তী শুনানির জন্য আগামী বুধবার দিন রেখেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরবর্তী শুনানির জন্য এই দিন রাখেন।
এর আগে গতকাল বুধবার রুলের ওপর শুনানি শুরু হয়। সেদিন পরবর্তী শুনানির জন্য আদালত ৯ নভেম্বর দিন রাখেন। এর ধারাবাহিকতায় আজ শুনানি হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত প্রথম আলোকে বলেন, আদালত আগামী বুধবার শুনানির পরবর্তী দিন রেখেছেন। সেদিন মধ্যাহ্নবিরতির পর শুনানির জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ১২(১) চ ধারা অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার তিন বছর পার না হলে কেউ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই বিধান চ্যালেঞ্জ করে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল চলতি বছর হাইকোর্টে একটি রিট করেন।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে চলতি বছরের ১৯ জানুয়ারি হাইকোর্ট রুল দেন। রুলে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ওই বিধান কেন সংবিধান পরিপন্থী নয়, তা জানতে চাওয়া হয়। একই বিষয় নিয়ে চলতি বছর করা পৃথক তিনটি রিটের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে রুল হয়। মোট চারটি রিটের পরিপ্রেক্ষিতে হওয়া রুলের ওপর একসঙ্গে শুনানি হচ্ছে।