মিরসরাইয়ে রেলক্রসিংয়ে ১৩ মৃত্যু, এক বছরেও কাঁন্না থামেনি স্বজনদের

ছেলে জিয়াউল হকে ছবি দেখিয়ে কাঁদছেন মা শাহনাজ আখতার। চট্টগ্রামের হাটহাজারীর খন্দকিয়া গ্রাম, ২৭ জুলাই
 ছবি গাজী ফিরোজ

একতলা বাড়িটির প্রধান ফটকের এক পাশে খোদাই করে লেখা ‘সজিব ভিলা’। পাশেই কলবেল। এতে চাপ দেওয়ার কিছুক্ষণ পর ভেতর থেকে চোখ মুছতে মুছতে ফটকের ওপাশে এসে দাঁড়ান এক নারী। বোঝা যাচ্ছিল, তিনি কাঁদছিলেন। সাংবাদিক পরিচয় দেওয়ায় ফটক খুলে দেন। চোখের পানি মুছতে মুছতে তিনি বলতে থাকেন, ‘এক বছর ধরে কাঁদছি। শত চেষ্টা করেও সজিবকে ভুলে থাকতে পারিনি। উঠতে–বসতে শুধু তার কথা মনে পড়ে।’

শাহনাজ আক্তার নামের এই নারী হলেন জিয়াউল হক ওরফে সজিবের মা। গত বছরের ২৯ জুলাই ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের যে ১৩ আরোহী নিহত হয়েছিলেন, জিয়াউল তাঁদের একজন। নিহত এই ১৩ জনেরই বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার খন্দকিয়া গ্রামে।

গত বৃহস্পতিবার গ্রামটিতে গিয়ে দেখা যায়, জিয়াউলের পরিবারের সদস্যদের মতো নিহত অন্য ব্যক্তিদের স্বজনদেরও কান্না এখনো থামেনি। এখনো শোক কাটিয়ে উঠতে পারেননি স্বজনহারা মানুষেরা।

তাঁদের শোক ছুঁয়ে যাচ্ছে গ্রামবাসীকেও। আজ শনিবার মর্মান্তিক ওই দুর্ঘটনার এক বছর পূর্ণ হচ্ছে।
 

সেদিন যা ঘটেছিল

২৯ জুলাই ২০২২। বেলা দেড়টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন মিরসরাই বড়তাকিয়া রেলস্টেশনের কাছে পর্যটকবাহী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এরপর মাইক্রোবাসটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায় ট্রেনটি। এতে ঘটনাস্থলেই মারা যান ১১ জন। আহত হন সাতজন।

আহত সাতজনের মধ্যে দুজনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। হতাহত ব্যক্তিরা সবাই পূর্ব খন্দকিয়া গ্রামের বাসিন্দা।

নিহত ১৩ জনের মধ্যে মাইক্রোবাসের চালক ছাড়া অন্যরা স্থানীয় ‘আর অ্যান্ড জে’ নামের একটি কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থী ছিলেন। নিহত ব্যক্তিরা হলেন কোচিং সেন্টারের চার শিক্ষক জিয়াউল হক, মোস্তফা মাসুদ রাকিব, রিদুয়ান চৌধুরী ও ওয়াহিদুল আলম; শিক্ষার্থী সামিরুল ইসলাম হাসান, মোসাহাব আহমেদ, ইকবাল হোসেন, শান্ত শীল, তাসমির হাসান, আয়াতুল ইসলাম, সাজ্জাদ হোসেন ও মো. আসিফ এবং মাইক্রোবাসের চালক গোলাম মোস্তফা। ঘটনার দিন সকালে তাঁরা মাইক্রোবাসে করে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনার পর নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের লাশ দাফন করা হয়।

এদিকে ঘটনার পর রেলওয়ে তদন্ত কমিটি গঠন করে। গত বছরের ১৭ আগস্ট তদন্ত কমিটি দুর্ঘটনার জন্য গেটম্যান ও গাড়িচালককে দায়ী করে প্রতিবেদন জমা দেয়। গেটম্যান সাদ্দাম হোসেন দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয়টি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন।

এক বছর ধরে কাঁদছি। শত চেষ্টা করেও সজিবকে ভুলে থাকতে পারিনি। উঠতে–বসতে শুধু তার কথা মনে পড়ে।
শাহনাজ আক্তার, রেলক্রসিংয়ে নিহত জিয়াউল হকের মা

এক মুহূর্তের জন্যও ছেলেকে ভোলেননি শাহনাজ

বসার ঘরে এই প্রতিবেদককে বসতে দিয়ে শাহনাজ আক্তার এক ফাঁকে জিয়াউলের লেমেনিটিং করা একটি বড় ছবি নিয়ে আসেন। ছবির ওপর হাত বুলাতে বুলাতে কাঁদতে শুরু করেন তিনি। এর আগে রান্না করার ফাঁকে ফাঁকে ছেলের ছবি দেখে কাঁদছিলেন তিনি। কাঁদতে কাঁদতে শাহনাজ বলেন, ‘আমাকে না দেখে ছেলে থাকতে পারত না। আমিও ছেলেকে ছাড়া কোথাও যেতাম না। সে মারা গেছে, জানি।

তারপরও এক মুহূর্তের জন্য ছেলেকে ভুলে থাকতে পারিনি। আজ আমার কলিজার টুকরা আমাকে ছাড়া কবরে কেমনে শুয়ে আছে!’

নাতি ইকবাল হোসেনের ছবি হাতে শোককাতর নানি নূরনাহার। চট্টগ্রামের হাটহাজারীর খন্দকিয়া গ্রাম, ২৭ জুলাই

জিয়াউলের বাবা আবদুল হামিদ। তিনি স্থানীয় একটি মুদিদোকানে কাজ করেন। হামিদ-শাহনাজ দম্পতির দুই ছেলে ও এক মেয়ের মধ্যে জিয়াউল ছিলেন সবার বড়। নগরের ওমরগনি এমইএস কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

বাবা আবদুল হামিদ বলেন, ছেলে পড়ালেখা শেষ করে সংসারের হাল ধরবেন, সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে ট্রেনের ধাক্কায়।

ছেলেকে হারিয়ে দিশাহারা স্বামী পরিত্যক্তা নারী  

জিয়াউলদের বাড়ির সামনে সড়কের বিপরীত দিকে ইকবাল হোসেনের নানাবাড়ি। ইকবালের গ্রামের বাড়ি হাটহাজারীর মাদার্শায়। তবে সে ছোটবেলা থেকে মায়ের সঙ্গে এখানেই থাকত। স্থানীয় কেএস নজুমিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল সে।

ইকবালের নানাবাড়িতে গিয়ে দেখা যায়, তার মা কামরুন নাহার অসুস্থ হয়ে বিছানায় শুয়ে। নানি নূরনাহার প্রথম আলোকে বলেন, ‘স্বামী পরিত্যক্তা মেয়েটি বড় ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে গেছে। শুধু তার চোখ দিয়ে পানি পড়ে। কিছুদিন পরপর অসুস্থ হয়ে যায়।’

কেমন আছেন, তা জিজ্ঞাসা করায় তখনই কিছু বলতে পারলেন না কামরুন নাহার। কিছুক্ষণ পর শুধু বললেন, ‘আমার ছেলে আর ফিরে আসবে না। তাকে ছাড়া তো বাঁচতে পারছি না!’

ইকবালের ঘর থেকে বের হওয়ার পর দেখা হয় তার বন্ধু মো. শহীদের সঙ্গে। সে প্রথম আলোকে জানাল, নিহত ১৩ জনের সবার সঙ্গেই তারা ফুটবল–ক্রিকেট খেলত। আড্ডা দিত। এখন সবই স্মৃতি।

বন্ধুদের হারিয়ে এখন আর আগের মতো মাঠে খেলতে যান না উল্লেখ করে শহীদ বলল, তাদের অন্য বন্ধুদেরও একই অবস্থা।

শহীদ জানায়, এক বছরেও গ্রামবাসী শোক কাটিয়ে উঠতে পারেনি। পড়াশোনার পাশাপাশি নিহত ব্যক্তিরা কোচিং সেন্টার চালানোসহ বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ছিলেন। প্রতিটি কাজে তাঁদের কথা উঠে আসে।  

ভাইকে ছাড়া অসহায় বোন

ইকবালের নানাবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে নিহত ওয়াহিদুল আলমের বাড়ি। তিনি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে ব্যবস্থাপনায় স্নাতক (সম্মান) পাস করেছিলেন। ওয়াহিদুলের ঘরে ঢুকতেই তাঁর বাবা জানে আলম বলেন, ‘এক বছর হলেও আমার কাছে মনে হয় কয়েক দিন হলো ছেলেকে হারিয়েছি। একটি দিনও তাকে ভুলে থাকতে পারিনি।’

বাবার সঙ্গে কথা বলতে বলতে হাজির হন ওয়াহিদুলের ছোট বোন কলেজছাত্রী জেসি আক্তার। তিনি বলেন, ‘ভাইয়ের সঙ্গে একই কোচিং সেন্টারে পড়াতাম। পড়াশোনায় সাহায্য নিতাম। এখন ভাইকে ছাড়া অসহায়। প্রতিটি কাজে তার কথা মনে পড়ে।’

জিয়াউল, ইকবাল ও ওয়াহিদুলের মতো নিহত অন্যদেরও পরিবারেও একই অবস্থা। তারা এই শোক কাটিয়ে উঠতে পারছে না। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, নিহত ১৩ জনের স্মরণে আজ স্থানীয় যুগীরহাট কাদেরিয়া মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজনেরা

ঘটনার দিন রাতে পুলিশ বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা করে। ওই রাতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষে এই মামলায় সাদ্দামের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দেয়। মামলাটি বিচারাধীন। আসামি সাদ্দাম চার মাস আগে জামিনে মুক্তি পেয়েছেন।

স্বজনদের দাবি, গেটম্যান উপস্থিত থাকলে এত বড় দুর্ঘটনা ঘটত না। নিহত মোস্তফা মাহমুদের বাবা মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিরা আর ফিরে আসবেন না। কিন্তু এ ধরনের ঘটনায় আর কারও মায়ের বুক যাতে খালি না হয়, সে জন্য ঘটনার জন্য দায়ী আসামির ফাঁসি চান তাঁরা।