জগন্নাথের ছাত্রী নির্যাতনে জড়িতদের শাস্তি দাবি মহিলা পরিষদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে এক ছাত্রীকে তিন ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এসব দাবি জানায় মহিলা পরিষদ।

সংগঠনের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে আবাসিক হলে শিক্ষার্থীদের লেখাপড়া ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদমাধ্যমে জানা যায়, ১৬ মে নিজেদের রুমে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে অপেক্ষাকৃত নবীন শিক্ষার্থী হলের অন্য রুমের মেয়েদের নিয়ে এসে অপর শিক্ষার্থীকে প্রায় তিম ঘণ্টা রুমে আটকে তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল এবং শারীরিক ও মানসিক নির্যাতন করে। প্রায় তিন ঘণ্টা হেনস্তায় ওই শিক্ষার্থী অবচেতন অজ্ঞান হয়ে পড়েন।

মহিলা পরিষদ বলছে, ‘স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ এবং শিক্ষার্থীদের হলগুলোয় যৌন হয়রানি ও যৌন নিপীড়নসহ নানা ধরনের সহিংসতার ঘটনা ঘটেই চলছে। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীকে তিন ঘণ্টা আটকে রেখে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় আমরা বিস্মিত ও ক্ষুব্ধ।’

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় একদিকে যেমন ভুক্তভোগী ছাত্রীর মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। নারী শিক্ষার্থীদের মর্যাদা ও নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বাংলাদেশ মহিলা পরিষদ বিশ্ববিদ্যালয় হলগুলোয় নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাচ্ছে।