
এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল আফছার। সম্প্রতি ‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ শীর্ষক আয়োজনে এই সম্মাননা দেওয়া হয়।
কম্বোডিয়ার নমপেনের শাংরি-লা হোটেলে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ২৮টি দেশের প্রায় ২৮০ জনেরও বেশি সিইও ও করপোরেট লিডার যোগ দেন। এশিয়ার তরুণ, গতিশীল এবং দূরদর্শী ব্যবসায়ী ও করপোরেট প্রধানদের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড’। অর্থনীতি, ব্যবসা ও উদ্ভাবনে বিশেষ অবদান রাখা ৫০ জন সিইওকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।
এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো প্রতিষ্ঠাতা, ব্যবসায়ী, মালিক এবং ৫০ বছরের কম বয়সী সিইওদের নেতৃত্ব, ব্যবসায়িক রেজিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং সাসটেইনেবিলিটি বা টেকসই উন্নয়নকে বিশ্বমঞ্চে তুলে ধরা। এবারের আয়োজনের উদ্বোধনী বক্তব্য দেন কম্বোডিয়ার শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী হেম ভান্দি।
ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম বলেন, ‘নুরুল আফছার তাঁর উদ্ভাবনী ও দূরদর্শীসম্পন্ন নেতৃত্ব ইলেক্ট্রো মার্ট গ্রুপকে অনেক দূর এগিয়ে নিয়েছে, উৎকর্ষ অর্জনের সংস্কৃতি গড়তে সহায়ক ভূমিকা পালন করেছে। এই পুরস্কার ও স্বীকৃতি তাঁর অসামান্য অবদানকে প্রতিফলিত করে।’
নুরুল আফছার বলেন, ‘এ স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে। আগামী দিনে বাংলাদেশের ইলেকট্রনিকস ও হোম অ্যাপল্যায়েন্স খাতকে এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করব।’