পবিত্র শবে বরাত উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ, নসিহত, দোয়া মাহফিল, বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়
পবিত্র শবে বরাত উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ, নসিহত, দোয়া মাহফিল, বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়

পবিত্র শবে বরাত পালিত

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হয়েছে।

মুসলমানদের কাছে সৌভাগ্যের এই রজনীটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে অতিবাহিত হয়। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল—ধর্মীয় ওয়াজ ও নসিহত, দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত, পবিত্র কোরআন তিলাওয়াত ও হামদ-নাত পরিবেশন।

জাতীয় মসজিদের পাশাপাশি সারা দেশের মসজিদগুলোয় বিশেষ আয়োজনে পবিত্র শবে বরাতের গুরুত্ব তুলে ধরে বয়ান করা হয়।

মাগরিবের নামাজের পর থেকেই মুসল্লিরা মসজিদে সমবেত হতে শুরু করেন। ধর্মীয় আলোচনা শেষে এশার নামাজের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়ে বাণী দেন।

এই মহিমান্বিত রাতে অনেকে কবরস্থানগুলোয় ভিড় করেন। সেখানে তাঁরা নিজ নিজ আত্মীয়স্বজন-প্রিয়জনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ ছাড়া পবিত্র শবে বরাত উপলক্ষে অনেক মানুষ গরিব, দুঃখী ও দুস্থদের মধ্যে নগদ টাকা, খাদ্যসামগ্রী, মিষ্টি বিতরণ করেন।