ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে মোহাম্মদ ইব্রাহিমের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য ছাত্রছাত্রী, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ইব্রাহীম একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক এবং সদালাপী, বিনয়ী, ভদ্র ও সজ্জন ব্যক্তি ছিলেন। প্রথিতযশা এই অধ্যাপক দেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অনন্য অবদান রেখে গেছেন। এই অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অধ্যাপক ইব্রাহিমের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অধ্যাপক ইব্রাহিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাঁকে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
১৯৫৫ সালের ১ ফেব্রুয়ারি তাঁর জন্ম। ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে তিনি নিজ বিভাগে প্রভাষক পদে যোগ দেন। ১৯৮৭ সালে ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
২০০২ সালের জুলাই থেকে ২০০৫ সালের জুন পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ৩০ জুন তিনি অবসরে যান। এরপর তিনি বিভাগে সুপারনিউমারারি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অধ্যাপক ইব্রাহিম সিনিয়র ভিজিটিং ফেলো হিসেবে অক্সফোর্ড ইসলামিক সেন্টার ও যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন। তাঁর ২১টি গবেষণা প্রবন্ধ বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।