দেশে হামের উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত) চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গের রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩৮৪। আর ১৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের আজ দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি হামের রোগী ছিল ৫৮৯ জন—ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রামে ২২১ জন, সিলেটে ১৯৯, ময়মনসিংহে ১১৪, বরিশালে ১০৬, খুলনায় ৮৪, রাজশাহীতে ৪৩ ও রংপুরে ২৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর সকাল পর্যন্ত দেশে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। আর ২৪ হাজার ৮৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হামজনিত বলে নিশ্চিত হওয়া গেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে দুজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে হামের উপসর্গে মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৩০৪ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২ লাখ ১৮ হাজার ৭৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।