
রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকার ইয়ুথ টাওয়ার গলিসংলগ্ন (স্কয়ার-২) এলাকায় বর্জ্য রাখার জন্য ভাগাড় নির্মাণ কার্যক্রমের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
এর আগে গৃহস্থালির বর্জ্য রাখার অস্থায়ী ভাগাড় বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণে আপত্তি জানান রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকার ইয়ুথ টাওয়ার গলির বাসিন্দারা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ও স্থানীয় ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কাছে ভাগাড়ের নির্মাণকাজ বন্ধের জন্য লিখিত আবেদনও করেন স্থানীয় লোকজন।
এ বিষয়ে ‘শেওড়াপাড়ায় বর্জ্যের ভাগাড় নির্মাণে বাসিন্দাদের আপত্তি’ শিরোনামে ২ আগস্ট প্রথম আলো অনলাইনে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে বীর মুক্তিযোদ্ধা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিনসহ ওখানকার ১০ জন বাসিন্দা গতকাল রোববার রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ ও আবদুল হাই। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
পরে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ভাগাড় নির্মাণ কার্যক্রমের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। ফলে পূর্ব শেওড়াপাড়া এলাকায় ওই ভাগাড় নির্মাণ কার্যক্রম বন্ধ থাকবে। আবাসিক ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠনের পাশে ওই এলাকায় ভাগাড় নির্মাণের কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, উত্তর সিটি করপোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে উল্লেখ করেন এই আইনজীবী।
এর আগে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরের কাছে করা আবেদনে এলাকাবাসীর পক্ষে বলা হয়, নির্মাণাধীন ভাগাড়ের চার মিটারের মধ্যে আবাসিক এলাকা। কাছেই একটি বেসরকারি বিদ্যালয়ের অবস্থান। তাই সেখানে ভাগাড় নির্মাণ করা হলে পচা বর্জ্য থেকে ছড়ানো দুর্গন্ধে বসবাসের পরিবেশ বিঘ্নিত হবে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
আরও বলা হয়, গলির রাস্তার প্রশস্ততা কম। কোনোমতে একটি প্রাইভেট কার চলতে পারে। ভাগাড় থেকে ময়লা-আবর্জনা পরিবহনে ওই রাস্তায় বর্জ্য পরিবহনের ভ্যান ও বড় যানবাহন চললে রাস্তাটি এলাকাবাসী ও জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে যাবে। এ ছাড়া ওই রাস্তায় শিশু ও বয়স্ক ব্যক্তিরা সকাল-সন্ধ্যা শরীরচর্চা করেন। ভাগাড়টি চালু হলে সেটি করাও সম্ভব হবে না বলে উল্লেখ করা হয় আবেদনে।