ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে রাজধানীতে সম্মিলিত নাগরিক সমাজের মানববন্ধন। ঢাকা, ৯ ডিসেম্বর
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে রাজধানীতে সম্মিলিত নাগরিক সমাজের মানববন্ধন। ঢাকা, ৯ ডিসেম্বর

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে নাগরিক সমাজের মানববন্ধন

ফিলিস্তিনে গণহত্যা বন্ধে অবিলম্বে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের দাবি জানিয়েছে সম্মিলিত নাগরিক সমাজ। পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠারও দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয় বলে সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। এ সময় ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলায় নিরপরাধ নারী–শিশু ও বেসামরিক মানুষ হত্যার নিন্দা জানানো হয়।

বক্তারা বলেন, যাঁরা বিশ্বকে মানবাধিকার শেখাচ্ছেন, তাঁরা ইসরায়েলি বর্বরতায় নীরব। ফিলিস্তিনিদের আর কত লাশ পড়লে পশ্চিমা বিশ্বের বিবেক জাগ্রত হবে? আজ বিশ্বের একটি পরাশক্তি রাষ্ট্র যেভাবে ফিলিস্তিনি মুক্তিকামী মানুষকে দাবিয়ে রাখতে চাচ্ছে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামেও তাঁদের একই ভূমিকা ছিল। কিন্তু স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঠেকিয়ে রাখতে পারেনি।

সম্মিলিত নাগরিক সমাজের সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে ও সহসভাপতি এ কে এম এ হামিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, নাট্যব্যক্তিত্ব ম হামিদ প্রমুখ।