
সহোদর দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগ তুলে অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেন এক ব্যক্তি। আবেদনটি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে সংস্থাটিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একটি রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। দুই পুলিশ কর্মকর্তা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম ও তাঁর ভাই ঢাকা মহানগর পুলিশে কর্মরত পরিদর্শক মোহাম্মদ সারে আলম।
রিট আবেদনকারী পক্ষ জানায়, এর আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী খুরশেদ আলম গত বছরের ১৮ এপ্রিল দুদক চেয়ারম্যান বরাবর আবেদন করেন। এতে অবৈধভাবে সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগ তুলে দুই সহোদর পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করে ব্যবস্থা নিতে আরজি জানানো হয়। এই আবেদন নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে খোরশেদ আলম রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক, সঙ্গে ছিলেন আইনজীবী মো. মেহেদী হাসান। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী সফিকুল ইসলাম।
রিটটি নিষ্পত্তি করে হাইকোর্ট আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। তিনি প্রথম আলোকে বলেন, পুলিশ কর্মকর্তা দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান চেয়ে করা আবেদনটি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।