
জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামিকে অব্যাহতির আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ৫ মে দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এই মামলার ১২ আসামির মধ্যে শামীম ওসমানের পরিবারের সদস্য ও স্বজনেরা রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন অয়ন ওসমান, আজমেরী ওসমান, মো. মিনহাজ উদ্দিন আহম্মদ ও তানভির আহম্মেদ।
আসামিপক্ষের অব্যাহতির আবেদনের পর ট্রাইব্যুনালে কথা বলেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদনে জুলাই গণ-অভ্যুত্থানকে ‘ভায়োলেন্ট আপরাইজিং’ (সহিংস অভ্যুত্থান) ও ‘অ্যাক্ট অব ভায়োলেন্স’ (সহিংস কর্মকাণ্ড) হিসেবে উল্লেখ করেছেন। তাঁরা এমন কথা বলার সাহস কোথায় পেলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এসব শব্দচয়নের বিষয়ে গুরুতর আপত্তি জানিয়ে আবেদনটি যেন রেকর্ডভুক্ত না করা হয়, ট্রাইব্যুনালের কাছে সেই আরজিও জানান এই প্রসিকিউটর।