গণিত উৎসবের নিবন্ধন শুরু

বছর ঘুরে আবারও শুরু হয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩-এর কার্যক্রম। আজ ৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে গণিত অলিম্পিয়াডের অনলাইন রেজিস্ট্রেশন। আয়োজকেরা জানান, চলতি বছর গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য সারা দেশের আগ্রহী শিক্ষার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন চলবে ২৩ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।

অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে—প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান), সেকেন্ডারি (নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান) ও হায়ার সেকেন্ডারি (একাদশ, দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান)। বাংলা ও ইংরেজি—উভয় মাধ্যমের জন্য এই নিয়ম প্রযোজ্য।

নিবন্ধনকারী শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে প্রথম ধাপে হবে বাছাই গণিত অলিম্পিয়াড। এখানে বিজয়ীদের নিয়ে আঞ্চলিক উৎসব এবং আঞ্চলিক উৎসবের বিজয়ীদের নিয়ে জাতীয় গণিত উৎসব অনুষ্ঠিত হবে। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

গণিত উৎসবের সব খবর পাওয়া যাবে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট—matholympiad.org.bd, অফিশিয়াল ফেসবুক পেজ facebook.com/BdMOC এবং গ্রুপে facebook.com/groups/BdMOC।