সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা; ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা; ১৮ এপ্রিল ২০২৬

সরকার দুই মাসে ৬০টি পদক্ষেপ বাস্তবায়ন করেছে: মাহদী আমিন

বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর গত দুই মাসে ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে এক অবিস্মরণীয় অর্জন নিশ্চিত করেছে। আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ কথা বলেছেন।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার গত দুই মাস পূর্ণ করেছে। বিগত দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের রক্তস্নাত অধ্যায় অতিক্রম করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে জাতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী দৃঢ় ও সাহসী নেতৃত্ব দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, দীর্ঘ নির্বাসন শেষে তাঁর (তারেক রহমান) স্বদেশ প্রত্যাবর্তন শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বরাজনীতির জন্যও একটি ঐতিহাসিক ঘটনা। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অর্জিত নিরঙ্কুশ বিজয় গণতন্ত্রের পুনরুত্থান ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেশি-বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকদের কাছে প্রশংসিত হয়েছে।

মাহদী আমিন বলেন, সরকার একটি স্বচ্ছ ও ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা ও রাষ্ট্র পরিচালনার নীতিমালা জনগণের সামনে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘প্রতিটি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা নিজ নিজ দপ্তরের বিষয়ে বক্তব্য প্রদান করবেন। আমাদের প্রধান লক্ষ্য হলো প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টাকে যথাযথভাবে উপস্থাপন করা।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা তথ্যভিত্তিক বক্তব্য তুলে ধরে অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করবেন। বিরোধী দল হট্টগোল ও গুজব ছড়ানোর মতো পথ পরিহার করে গঠনমূলক সহযোগিতায় এগিয়ে আসবে বলেও সরকার প্রত্যাশা করে।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছর বিশ্ববিখ্যাত সাময়িকী ‘টাইম’-এর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। এই স্বীকৃতি প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের অসামান্য অবদানের বৈশ্বিক স্বীকৃতি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। প্রতিটি নাগরিকের অগ্রযাত্রা নিশ্চিত করতে সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

মাহদী আমিন বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্পে ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, পুরোহিত, অধ্যক্ষ ও যাজকদের সম্মানী প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।

সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন ও পুনঃখননের কাজ শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, দেশের কিষান ও কিষানিদের জন্য ‘কৃষক কার্ডের’ মাধ্যমে ১০টি সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে ১০ জেলার ২২ হাজার কৃষককে এর আওতায় আনা হয়েছে। এ ছাড়া প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।

মাহদী আমিন বলেন, সাংবিধানিক ও আইনি কাঠামোর ধারাবাহিকতা রক্ষায় স্বল্প সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তি করা হয়েছে। মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ অধ্যাদেশসহ ১৬টি অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাই করে সংসদে বিল আকারে উত্থাপন করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পেলেও সরকার ভর্তুকি ও বিশেষ কূটনৈতিক তৎপরতায় জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রেখেছে। তিনি বলেন, জাতীয় গ্রিডে ৩৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে। ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মাহদী আমিন বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার পবিত্র রমজান মাসসহ সব সময় কার্যকর পদক্ষেপ নিয়েছে এবং খাদ্যপণ্য আমদানি অব্যাহত রেখেছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার পাশাপাশি ইউরোপের সাতটি দেশের সঙ্গে নতুন শ্রমবাজার খুঁজতে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, হজযাত্রার খরচ টিকিটপ্রতি ১২ হাজার টাকা কমানো হয়েছে।

মাহদী আমিন বলেন, অর্থনীতিকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারে রূপান্তরের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো প্রণয়ন করা হচ্ছে এবং বিদেশি বিনিয়োগ সহজীকরণের জন্য ১০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ প্রত্যাবাসনে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।

শিক্ষাক্ষেত্রে সরকারের উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, বিদেশে উচ্চশিক্ষার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টির ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, সরকারি শূন্য পদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

খেলাধুলার প্রসার ও বৃক্ষরোপণে সরকারের উদ্যোগ তুলে ধরে মাহদী আমিন বলেন, প্রতি উপজেলায় ক্রীড়া শিক্ষক নিয়োগ শুরু হয়েছে। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় ব্যয় হ্রাসের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবন যমুনা ব্যবহার না করে নিজের বাড়িতে থাকছেন, ভিভিআইপি প্রটোকল সীমিত করেছেন এবং মন্ত্রীদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

মাহদী আমিন আরও বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্প, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নদী দখল ও দূষণ রোধে আইন সংশোধন এবং বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে সম্পদ শনাক্তকরণ ও আইনগত সহায়তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের আস্থা ফিরিয়ে এনেছেন এবং ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মাহফুজুর রহমান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু ও সুজাউদ্দৌল্লা সুজনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।