
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহনসংকট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নারায়ণগঞ্জ, মিরপুর ও আবদুল্লাহপুরসহ চারটি রুটে বিআরটিসির নতুন চারটি বাস যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান সংকট আরও তীব্র হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে উপাচার্যের সহযোগিতা এবং জকসুর পরিবহন সম্পাদকের দাবির পরিপ্রেক্ষিতে চারটি রুটে বিআরটিসির নতুন ডাবল ডেকার বাস দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। যেসব রুটে শিক্ষার্থীদের চাপ বেশি, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে খুব শিগগির বাসগুলো চলাচল শুরু করবে। এ ছাড়া আরও যেসব রুটে শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেখানেও নতুন বাস চালুর চেষ্টা চলছে।
এ বিষয়ে জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই বাসের সংকট রয়েছে। নতুন ব্যাচের ক্লাস শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এ জন্য প্রশাসনের কাছে আটটি নতুন বাস যুক্ত করার দাবি জানানো হয়েছিল, তবে আপাতত চারটি বাসের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে আরও বাস যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি অচল ও নষ্ট বাসগুলো মেরামতের কাজ চলছে। সেগুলো আবার সচল করা গেলে পরিবহনসংকট অনেকটা কমে আসবে।
বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের জন্য বিভিন্ন রুটে মোট ৫৬টি বাস রয়েছে। সকাল ও বিকেলের শিফটে সব বাস একযোগে চলাচল করে। এ ছাড়া শাটল বাসগুলো বেলা ১১টা, বেলা দেড়টা এবং বন্ধের দিনগুলোতে রাত নয়টায় চলাচল করে।