
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
খুদে বার্তায় বলা হয়েছে, সারা দেশে মোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও এর আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ৩২ প্লাটুন।
বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা পঞ্চম দফার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ। অবরোধ চলাকালে দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অবরোধের পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে বাম গণতান্ত্রিক জোট আজ সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে। সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ হরতাল পালিত হবে।
এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে।