
ঢাকার প্রবেশপথগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা–কর্মীরা বিনা উসকানিতে ‘ন্যক্কারজনক’ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। গতকাল শনিবারের ওই ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও দলের ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ নেতা-কর্মীদের নির্যাতনের ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে তারা। একই সঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনে সংহতি এবং এতে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে সাদা দল।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাদা দলের আহ্বায়ক মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও আবদুস সালাম এসব কথা বলেছেন।
বিবৃতিতে বলা হয়, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত বিগত দুটি জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার তিক্ত অভিজ্ঞতা থেকে দেশের মানুষ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের অধিকার ফিরে পাওয়ার জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করছে। গণমানুষের এই প্রাণের দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দল ও জোট যুগপৎভাবে এক দফাভিত্তিক আন্দোলন করে যাচ্ছে৷ ধারাবাহিক এই আন্দোলনের অংশ হিসেবে গতকাল ঢাকার প্রবেশপথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশ ও সরকারদলীয় সন্ত্রাসীরা হামলা করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন নস্যাৎ করার অপচেষ্টা শুরু করেছে।
সভা-সমাবেশ করা মানুষের মৌলিক ও নাগরিক অধিকার উল্লেখ করে সাদা দল বলেছে, ‘পাল্টা রাজনৈতিক কর্মসূচি দিয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে এই নাগরিক অধিকার প্রয়োগে বাধা এবং ন্যক্কারজনক হামলা ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে সরকারের অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে।’
সরকারের ‘ফ্যাসিবাদী ও একগুঁয়ে আচরণ’ দেশে নতুনভাবে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপিপন্থী শিক্ষকদের এই সংগঠন। বিবৃতিতে বলা হয়, অগণতান্ত্রিক আচরণ, মানবাধিকার লঙ্ঘন, সীমাহীন দুর্নীতি ইত্যাদির ফলে বর্তমান সরকার কেবল দেশের জনগণর কাছেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে সরকারের ওপর দেশি-বিদেশি চাপ বৃদ্ধি পাওয়ায় তারা অস্বস্তিতে পড়েছে। এমন অবস্থায় সরকারি দল রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের সাহায্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক আন্দোলন দমনের পথ বেছে নিচ্ছে।
আরেকটি প্রহসনের নির্বাচন আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় থাকার চক্রান্ত করছে বলেও অভিযোগ করেছে সাদা দল৷ বিএনপিপন্থী শিক্ষকেরা আরও বলেছেন, ‘এবার তাদের এ অপচেষ্টা সফল হবে না। কাজেই দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে জনদাবির প্রতি শ্রদ্ধা রেখে সরকারের পদত্যাগ এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
নাগরিকদের ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য একটি নিরপেক্ষ সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে চলমান আন্দোলনে শুধু সংহতি প্রকাশই নয়, সক্রিয়ভাবে অংশগ্রহণের ব্যাপারেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে সাদা দল।