
জামিনে কারামুক্ত হয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। ১ অক্টোবর তিনি কারাগার থেকে বেরিয়ে যান। তবে দিলীপ কুমার আগরওয়ালার কারামুক্তির বিষয়টি জানাজানি হয়েছে আজ।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক জুবায়ের।
পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্প্রতি দিলীপ কুমার আগরওয়ালা উচ্চ আদালত ও ঢাকার আদালত থেকে জামিন পান। ১ অক্টোবর তিনি কারাগার থেকে ছাড়া পান।
২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন তাঁকে আদালতে তোলা হয়। এরপর তাঁকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই দিন তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর বিভিন্ন হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় নিম্ন ও উচ্চ আদালতে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। সব মামলায় জামিন পাওয়ার পর ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান।
এ ব্যাপারে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগরওয়ালা উচ্চ আদালত ও ঢাকার আদালত থেকে বেশ কয়েকটি মামলায় জামিন পেয়েছেন। তবে কারামুক্ত হয়েছেন কি না, সেটি জানা নেই।
দিলীপ কুমার আগারওয়ালা গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা ও সদরের একাংশ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য।