জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সিরাজগঞ্জ-২ আসনের (সদর-কামারখন্দ) সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আজ এ আবেদন করেন দুদকের উপপরিচালক (ডিডি) জাহাঙ্গীর আলম।
আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩ ডিসেম্বর সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলায় তাঁকে আজ সোমবার গ্রেপ্তার দেখানো হয়। এর আগে তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
দুদকের একটি মামলায় গতকাল জান্নাত আরা হেনরীর স্থাবর সম্পদ ক্রোকের (জব্দ) আদেশ দেন আদালত। সংস্থাটির তথ্য বলছে, সাবেক এই সংসদ সদস্যের জমি, ফ্ল্যাটসহ ৪৫টি স্থাবর সম্পত্তি, ১৬টি গাড়ি, ১৯টি ব্যাংক হিসাবে থাকা প্রায় ৫৭ কোটি টাকা এবং যৌথ মালিকানাধীন ৪ কোম্পানির ১ কোটি ৩৪ লাখ টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ নভেম্বর জান্নাত আরা হেনরী, তাঁর স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা রিদায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। এর আগে ৩০ সেপ্টেম্বর গ্রেপ্তার হন তিনি। বর্তমানে তিনি ও তাঁর স্বামী কারাগারে আছেন।
এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে দুদক। এতে বলা হয়েছে, আনিসুল হকের বিরুদ্ধে ১৪৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তাঁর ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ১ জানুয়ারি আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেন দুদকের সমন্বিত কার্যালয় ঢাকা–১–এর উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি করেন। ২০ জানুয়ারি এই আবেদনের শুনানির দিন ঠিক করেছেন আদালত।
৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আট দিন পর ১৩ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ।