
সংঘাতপূর্ণ সুদান থেকে আরও ১৭৬ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। সুদানের বদর এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে বুধবার সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশিরা। আজ রাতের মধ্যেই আরও দুটি ফ্লাইটে ৩০২ জন ও আগামীকাল আরও ৭৪ বাংলাদেশি জেদ্দা পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। আজ রাতে ও আগামীকাল বৃহস্পতিবার পৃথক তিনটি ফ্লাইটে বাংলাদেশিরা সৌদি আরব থেকে দেশে ফিরবেন।
সুদান ও সৌদি দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। সুদান থেকে বাংলাদেশিরা সৌদি আরবে পৌঁছালে তাঁদের স্বাগত জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, সুদান থেকে প্রত্যাগত বাংলাদেশিদের মধ্যে ৫২ জন আজ রাত একটার ফ্লাইটে জেদ্দা বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা। আগামীকাল কাতার এয়ারলাইনসের ফ্লাইটে জেদ্দা থেকে ১৩০ জন ও মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ২৩৮ জন দেশে ফেরার কথা রয়েছে।
সুদান থেকে জেদ্দা পৌঁছানো বাংলাদেশিদের জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এর আগে গত সোমবার জেদ্দা হয়ে ১৩৬ বাংলাদেশি দেশে পৌঁছান। সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। এর মধ্যে যাঁরা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন, পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট এ ব্যাপারে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।