ইমামদের প্রতি তৃণমূলে শান্তি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে ‘জাতীয় ইমাম সম্মেলন ও পুরস্কার বিতরণ-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ধর্ম মন্ত্রণালয় এই অনুষ্ঠান করে
ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামকে শান্তি, সৌহার্দ্য ও মানবতার ধর্ম আখ্যায়িত করে ইমামদের প্রতি তৃণমূলে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন, যাতে সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা বা নির্যাতন না করার জন্য আপনাদের (ইমাম-মুয়াজ্জিন, আলেম, ওলামা) সহযোগিতা চাই। আপনাদেরকে তৃণমূলে শান্তি বজায় রাখার জন্য কাজ করতে হবে, যাতে আমরা দেশের আরও উন্নয়ন করতে পারি।’

শেখ হাসিনা আজ বিকেলে ‘জাতীয় ইমাম সম্মেলন ও পুরস্কার বিতরণ-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ধর্ম মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী একই অনুষ্ঠানে সারা দেশে ষষ্ঠ দফায় নবনির্মিত আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন।

নিজেদের ধর্ম পালনের পাশাপাশি দেশে বসবাসকারী অন্য ধর্মাবলম্বী যাঁরা রয়েছেন, তাঁরা যেন সঠিকভাবে নিজ নিজ ধর্মকর্ম করতে পারেন, তা নিশ্চিত করারও আহ্বান জানান সরকারপ্রধান।

কোরআন ও সুন্নাহর আলোকে শেখ হাসিনা বলেন, ‘যার যার ধর্ম সে পালন করবে, বিষয়টা আমরা নিশ্চিত করতে চাই। অন্যের ওপর কোনো অন্যায়-অবিচার বা সন্ত্রাস-জঙ্গিবাদ যেন সৃষ্টি না হতে পারে। কারণ, ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শান্তির ধর্ম ইসলামের মর্মবাণী একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে হবে। তাহলেই আমাদের দেশ অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং ওলামায়ে কেরামদের অনুরোধ করব—ইসলাম শান্তির ধর্ম, সহনশীলতার ধর্ম; যা আমাদের নবী করিম হজরত মুহাম্মদ (সা.) শিখিয়েছেন। তাঁর যে বিদায় হজের বাণী, সেই বাণীই আমরা অনুসরণ করি—কাজেই সেদিকে লক্ষ রেখে আমাদের দেশের কোনো ছেলেমেয়ে যেন জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকের সঙ্গে সম্পৃক্ত হতে না পারে, সে জন্য আপনারা যথাযথ শিক্ষা দেবেন এবং সঠিক ব্যবস্থা নেবেন। মুষ্টিমেয় লোকের জন্য আমাদের প্রকৃত যে ধর্ম, শান্তির ধর্ম, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয়। সেদিকে দৃষ্টি দেওয়ার জন্যই আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই, আমাদের মানুষ শান্তিতে বসবাস করুক। এ দেশকে আমরা আরও সমৃদ্ধ ও উন্নত করতে চাই।’

প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম এবং আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

মসজিদ-ই-নববীর ইমাম শেখ আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বুয়াইজান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তরীকত ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মাওলানা মোহাম্মদ কফিল উদ্দিন সরকার সালেহী ও মাওলানা এহসানুল হক আল মোজাদ্দেদী।

স্বাগত বক্তব্য দেন ধর্মসচিব মো. এ হামিদ জমাদ্দার।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে পাবনা জেলার সাঁথিয়া উপজেলা মডেল মসজিদ এবং কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলা মডেল মসজিদের ইমাম-মুসল্লি ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন।

কোভিড-১৯ দেখা দেওয়ার পর সরকার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে ইমাম-মুয়াজ্জিনদের জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করে দেয় উল্লেখ করে সরকারপ্রধান বলেন, সারা দেশের দরিদ্র মানুষসহ সব শ্রেণি-পেশার জনগণকে আর্থিক সহায়তা ও প্রণোদনা দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে।

সৌদি বাদশাহর সহযোগিতায় হজের ব্যবস্থার উন্নয়নে হজ ক্যাম্প স্থাপন, ইমিগ্রেশনের ব্যবস্থার উন্নয়নসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া সরকার দেশে একটি আরবি ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। যেখানে সৌদি বাদশাহর অনুদানে আরবি ভাষা শিক্ষারও একটি ইনস্টিটিউট গড়ে উঠবে। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার ডিগ্রির সমমর্যাদা প্রদান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সংস্কার ও আধুনিকায়ন, ৩৫ হাজার মসজিদভিত্তিক পাঠাগার নির্মাণ, অর্থ ও বাংলা তরজমাসহ পবিত্র কোরআন শরিফের ডিজিটাল ভার্সন তৈরি, জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন-২০২৩ প্রণয়ন, সীড মানি দিয়ে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছে। বিত্তবানেরাও এখানে সহায়তা দিতে পারেন।

দেশের ভূমি ও গৃহহীন প্রত্যেককে বিনা পয়সায় ঘর দেওয়া এবং জীবন-জীবিকার ব্যবস্থা তাঁর সরকার করে দিচ্ছে উল্লেখ করে বাবা-মা-ভাই সব হারিয়ে একজন এতিম হিসেবে নিজের ও পরিবার এবং দেশকে সফলভাবে এগিয়ে নেওয়ার জন্য সবার দোয়া চান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসনের আবারও নিন্দা জানিয়ে বলেন, ‘ইসরায়েল কর্তৃক আমাদের ফিলিস্তিনি ভাইদের ওপর যে আক্রমণ এবং নির্বিচার ছোট্ট শিশু ও নারীদের হত্যা করা হচ্ছে, আমরা এটা কখনো চাই না। বাংলাদেশের পক্ষ থেকে সাধ্যমতো ফিলিস্তিনের নারী-শিশু ও সাধারণ জনগণের জন্য ওষুধ ও শুকনা খাবার পাঠানো হয়েছে।’

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও মানবতার ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই, সবাই শান্তিতে বসবাস করুক।’ তাঁর সাম্প্রতিক বেলজিয়াম সফরেও তিনি বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধানের কাছে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন বলেও জানান।