
ছাত্রলীগ মানেই বস্তুত একটি অনুভূতি, প্রত্যয় ও সংগ্রামের নাম বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, 'ছাত্রলীগ মানেই হলো অসহায় ও নিরন্ন মানুষের পাশে দাঁড়ানো। যখন কেউ গণতন্ত্রকে হরণ করবে ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য তৎপরতা চালাবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নামই হলো ছাত্রলীগ। মানুষের পাশে দাঁড়ানোর বঙ্গবন্ধুর যে মন্ত্র, সেটিই ছাত্রলীগের প্রেরণা ও প্রত্যয়। সেই প্রত্যয় নিয়েই ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে।’
আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা’ শীর্ষক আয়োজনে অংশ নিয়ে এ এস এম মাকসুদ কামাল এসব কথা বলেন। আওয়ামী লীগপন্থী এই শিক্ষকনেতা ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান ছিলেন প্রধান অতিথি।
আলোচনায় অংশ নিয়ে মাকসুদ কামাল বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে দর্শন ছিল, সেই দর্শন অবলম্বন করে শীতের এই কঠিন সময়ে অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়ায় ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।’ তিনি বলেন, দুর্যোগপ্রবণ বাংলাদেশে অতীতেও ছাত্রলীগ এগিয়ে এসেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর মানুষের পাশে দাঁড়ানোর যে মন্ত্র, সেটিই ছাত্রলীগের প্রেরণা ও প্রত্যয়। সেই প্রত্যয় নিয়েই ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে।
মাকসুদ কামাল আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতির পিতার প্রত্যয় ও সাধারণ মানুষের প্রতি তাঁর ভালোবাসা ও আবেগ-অনুভূতিকে ছাত্রলীগের মাঝে ছড়িয়ে দিয়ে অসহায় ও নিরন্ন মানুষের পাশে দাঁড়ানোর দীক্ষা দিচ্ছেন। যেখানেই লড়াই ও প্রতিকূল পরিবেশ তৈরি হবে, সেখানেই লড়াই-সংগ্রামে উত্তরণের জন্য ছাত্রলীগকে প্রস্তুত করছেন বঙ্গবন্ধুকন্যা। ছাত্রলীগকে দুই হাজারের বেশি কম্বল দিয়ে সহযোগিতা করায় মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে অসংখ্য ধন্যবাদ।’
প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেন, ‘ছাত্রলীগ আওয়ামী লীগের সব সংকটে পাশে দাঁড়িয়েছে। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ও সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমি তাঁদের সামান্য সহযোগিতা করেছি।’
আয়োজনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের সঞ্চালনায় এই আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম। আরও বক্তব্য দেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসান।