
হাইকোর্ট বলেছেন, ‘অন্যান্য দেশে হজের জন্য ভর্তুকি দেয়। আমরা ভর্তুকি দিই না, উল্টো ট্যাক্স ধরেছি। ভারতেও ভাড়া কম। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ভাড়া কম দিয়ে যেতে পারে। আমাদের এত টাকা লাগবে কেন? গরিব মানুষের ক্ষতি হচ্ছে।’
পবিত্র হজ পালনের জন্য বিমানভাড়া কমানোর নির্দেশনা চেয়ে করা এক সম্পূরক আবেদনের শুনানিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এসব কথা বলেন। শুনানি নিয়ে আবেদনটি নথিভুক্ত রাখা হয়েছে। একই সঙ্গে এ-সংক্রান্ত রুল শুনানির জন্য প্রস্তুত করতে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১ ফেব্রুয়ারি ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক স্মারকে হজ প্যাকেজ (২০২৩ সাল) ঘোষণা করে। প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। পরে গত ২২ মার্চ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় বর্তমান হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা থেকে ১১ হাজার ৭২৫ টাকা কমিয়ে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ওই স্মারক নিয়ে হজ প্যাকেজের খরচ কমিয়ে পুনর্নির্ধারণ বিষয়ে নির্দেশনা চেয়ে ১২ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ-জামান রিট করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে গত ২ এপ্রিল হাইকোর্ট রুল দেন। রুলে সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে ‘অতিরিক্ত খরচ’ নির্ধারণ করাসংবলিত প্রজ্ঞাপন জনস্বার্থ পরিপন্থী বলে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না ও প্রতিযোগিতামূলক বিমানভাড়ার ভিত্তিতে বাংলাদেশ থেকে হজযাত্রী বহনে সব আন্তর্জাতিক এয়ারলাইনসকে সুযোগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
আগের রিটের ধারাবাহিকতায় হজ প্যাকেজে দেখানো বিমানভাড়া (ঢাকা-জেদ্দা-ঢাকা) ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে ১ লাখ ৪৫ হাজার টাকা নির্ধারণে নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদনটি করেন রিট আবেদনকারী।
ঢাকা-জেদ্দা-ঢাকা সাধারণ রাউন্ড ট্রিপে এয়ার অ্যারাবিয়া, ওমান এয়ারলাইনস, ফ্ল্যাই দুবাই ও এমিরেটস এয়ারলাইনস ৭০-৭৬ হাজার টাকা ভাড়া নেয়। দুবার যাওয়া ও দুবার আসা-এ হিসাবে বিমানভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা দাঁড়ায়। অথচ বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইনস ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা করে নিচ্ছে।গাজী মো. মহসীন, আইনজীবী
আদালতে আবেদনের পক্ষে আইনজীবী গাজী মো. মহসীন ও রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল সামিউল আলম সরকার শুনানিতে ছিলেন। ক্রম অনুসারে বিষয়টি উঠলে গাজী মো. মহসীন বলেন, হজযাত্রীদের জন্য নির্ধারিত বিমানভাড়া কমানো ও আরোপিত ট্যাক্স থেকে অব্যাহতি দেওয়া বিষয়ে আবেদনটি করা হয়েছে।
আদালত বলেন, এগুলো সরকারের সিদ্ধান্তের বিষয়। ভাড়া বেশি কি না, তা ঘটনাগত বিতর্কের বিষয়। তখন গাজী মো. মহসীন বলেন, হজযাত্রীদের জন্য ঢাকা-জেদ্দা-ঢাকা বিমানভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে নির্ধারণ করা হয়েছে। ভাড়া কমানোর জন্য নির্দেশনা চাচ্ছি।
এ সময় সহকারী অ্যাটর্নি জেনারেল সামিউল আলম বলেন, নির্দেশনা দেওয়া হলে রুল অ্যাবসলিউট (যথাযথ) হয়ে যাবে।
আবেদনকারীর আইনজীবী গাজী মো. মহসীন বলেন, ঢাকা-জেদ্দা-ঢাকা সাধারণ রাউন্ড ট্রিপে এয়ার অ্যারাবিয়া, ওমান এয়ারলাইনস, ফ্লাই দুবাই ও এমিরেটস এয়ারলাইনস ৭০-৭৬ হাজার টাকা ভাড়া নেয়। দুবার যাওয়া ও দুবার আসা—এ হিসাবে বিমানভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা দাঁড়ায়। অথচ বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইনস ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা করে নিচ্ছে।
সহকারী অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বলেন, হজের জন্য অন্য দেশ ভর্তুকি দেয়। অন্যান্য এয়ারলাইনস ৭০ থেকে ৮০ হাজার টাকা নেয়। গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতে ভাড়া ও প্যাকেজ চার্জ কম। আমাদের এত টাকা লাগবে কেন? চার্জ বেশি করেছেন, কোটা পূরণ হচ্ছে না। হজ প্যাকেজ মূল্য সহনীয় পর্যায়ে আনা যায় কি না, সে বিষয়ে অ্যাটর্নি জেনারেলকে (এর আগে শুনানিতে) কথা বলতে বলা হয়েছিল। আপনি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর হজে যেতে বাংলাদেশের জন্য কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজে যাওয়ার জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় এ সংখ্যা ১৫ হাজার। অন্যরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।