নবজাতকের মৃত্যু: জামিন পেলেন সেন্ট্রাল হাসপাতালের আরেক চিকিৎসক

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
ফাইল ছবি: প্রথম আলো

রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসায় অবহেলার কারণে নবজাতকের মৃত্যু ও মায়ের জীবন মৃত্যুঝুঁকিতে ফেলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আরেক চিকিৎসক জামিন পেয়েছেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এ আদেশ দেন। জামিন পাওয়া চিকিৎসক হলেন বেগম মাকসুদা ফরিদা আক্তার।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক মাহফুজুল ইসলাম।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক বেগম মাকসুদা ফরিদা আক্তার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। পুলিশ প্রতিবেদন দাখিলের আগপর্যন্ত তিনি জামিনে থাকবেন।

এর আগে গতকাল মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে একই মামলায় গ্রেপ্তার হওয়া অপর দুই চিকিৎসক জামিন পান। তাঁরা হলেন মুনা সাহা ও শাহজাদী মোস্তাকি।

ওই নবজাতকের বাবা ইয়াকুব আলী চিকিৎসায় অবহেলার কারণে নবজাতকের মৃত্যু ও স্ত্রীর জীবন মৃত্যুঝুঁকিতে পড়েছে, এমন অভিযোগ এনে সেন্ট্রাল হাসপাতালের মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় কয়েকজন ‘অজ্ঞাতনামা’ আসামির কথাও উল্লেখ করা হয়।

ধানমন্ডি থানা সূত্র জানায়, কুমিল্লার তিতাস উপজেলার অন্তঃসত্ত্বা মাহবুবা রহমানকে গত ৯ জুন রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। স্বাভাবিক প্রসবের ইচ্ছা ছিল তাঁর।

মাহবুবাকে যে চিকিৎসকের অধীন ভর্তি করা হয়, সেই চিকিৎসক তখন দেশে ছিলেন না। তাঁর অনুপস্থিতির কথা রোগী বা রোগীর স্বজনদের জানানো হয়নি। অন্য এক চিকিৎসক স্বাভাবিক প্রসব করাতে ব্যর্থ হয়ে অস্ত্রোপচার করেন। ১১ জুন নবজাতকের মৃত্যু হয়।

অন্যদিকে মাহবুবার শারীরিক অবস্থাও খারাপের দিকে যায়। তাঁর আইসিইউ দরকার ছিল। কিন্তু সেন্ট্রাল হাসপাতালে তা ছিল না। তাঁকে পাশের ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৮ জুন তাঁর মৃত্যু হয়।