
ফেনীতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল করার সময় লাঠিপেটা করেছে পুলিশ। এতে মিছিলটি পণ্ড হয়ে যায়। এ সময় পুলিশ তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে ফেনী প্রেসক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে আদালতের সম্পদ ক্রোকের আদেশের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিল শুরুর পরপরই পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধ্বস্তাধ্বস্তি শুরু হলে তিনজনকে আটক করা হয়। পরে আগের বিভিন্ন মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গ্রেপ্তার তিনজনের মধ্যে ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াসিন ও ফেনী সদরের মোটবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাউসার আছেন। গ্রেপ্তার আরেকজনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ তাঁদের মিছিল নিয়ে সড়কে উঠতে না করে। কিন্তু তাঁরা পুলিশের নিষেধাজ্ঞা না শুনে মিছিল নিয়ে এগিয়ে যান। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ায় সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ফেনী প্রেসক্লাব এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিলটি বের হতেই পুলিশের বাধার মুখে পড়ে। পরবর্তী সময়ে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের ট্রাঙ্ক রোড ট্রাফিক মোড় পেরিয়ে শহীদ শহীদুল্লা কায়সার সড়কে প্রবেশ করতে গেলে পুলিশ তাঁদের ঘিরে ফেলে। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধ্বস্তাধ্বস্তি হলে একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে ছত্র ভঙ্গ করে।
ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন বলেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধা, লাঠিপেটা ও সাত-আটজন নেতা-কর্মীকে আটক ও গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন তাঁরা।