
আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের ক্ষেত্রে ভুল বা অসম্পূর্ণ ঠিকানা সংশোধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বাংলাদেশ সময় ৯ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত ভুল বা অসম্পূর্ণ ঠিকানা সংশোধনের সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।
আজ রোববার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালিম আহমেদ খান এক খুদেবার্তায় এই তথ্য জানান।
খুদেবার্তায় বলা হয়, প্রবাসীদের বিশেষ অনুরোধে পোস্টাল ভোট বিডি অ্যাপে ভুল বা অসম্পূর্ণ ঠিকানা সংশোধনের সুযোগ বাংলাদেশ সময় ৯ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই তারিখের পর সংশোধনের আর কোনো সুযোগ থাকবে না।