হাইকোর্ট ভবন
হাইকোর্ট ভবন

বিসিবি নির্বাচনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনে সাড়া দেননি হাইকোর্ট, নির্বাচনে আপাতত বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। নিষেধাজ্ঞার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই নির্বাচনের বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করবেন না বলে সিদ্ধান্তের কথা জানিয়েছেন আদালত।

বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ রোববার ওই আবেদনের ওপর শুনানি হয়।

সংশ্লিষ্ট আইনজীবীদের তথ্য অনুসারে, ঢাকা মহানগরের ক্লাবগুলো থেকে ১২ জন পরিচালক নির্বাচন–সংক্রান্ত বিসিবির গঠনতন্ত্রের বিধান নিয়ে আইনজীবী মোশাররফ হোসেন চলতি বছর হাইকোর্টে একটি রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৩১ মার্চ রুল দেন আদালত। রুল বিচারাধীন অবস্থায় বিসিবি নির্বাচনে নিষেধাজ্ঞা চেয়ে সম্পূরক ওই আবেদন করেন রিট আবেদনকারী।

আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল আর বিসিবির পক্ষে আইনজীবী মাহিন এম রহমান শুনানিতে ছিলেন। আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসেন রশিদ ও আইনজীবী নকিব সাইফুল ইসলাম।

বিসিবির গঠনতন্ত্র নিয়ে করা রিটের পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে হাইকোর্ট রুল দিয়েছিলেন বলে জানান বিসিবির আইনজীবী মাহিন এম রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ওই রুল বিচারাধীন অবস্থায় বিসিবির নির্বাচনে নিষেধাজ্ঞা চেয়ে গত সপ্তাহে সম্পূরক ওই আবেদন করেন রিট আবেদনকারী। শুনানি নিয়ে নিষেধাজ্ঞার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিসিবির নির্বাচনে কোনো প্রকার হস্তক্ষেপ করবেন না মর্মে সিদ্ধান্ত জানান। ফলে বিসিবির নির্বাচনে আপাতত বাধা নেই।

এর আগে গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন ২০২৬–এর তফসিল ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন এবং সেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

খসড়া ভোটার তালিকা ১৭ মে বিকেল চারটায় প্রকাশ করার কথা। পরদিন ১৮ মে তালিকার ওপর আপত্তি গ্রহণ ও ১৯ মে আপত্তির ওপর শুনানি হবে। শুনানি শেষে সেদিন বিকেল পাঁচটায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে মনোনয়নপত্র বিতরণ। মনোনয়নপত্র দাখিলের সময় ২১ ও ২২ মে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পরদিন ২৩ মে হবে মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ। ২৪ মে আপিল গ্রহণ ও শুনানি এবং পরদিন ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। পোস্টাল/ই–ব্যালটের জন্যও আবেদন করতে হবে সেদিনই।