
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি বলেন, জিয়াউল জেলখানা থেকে অডিও ভিজ্যুয়াল কনফারেন্সের মাধ্যমে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ সোমবার এ আদেশ দিয়েছেন বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার।
শাপলা চত্বর মামলার বিচারকাজে জিয়াউল আহসানকে ভার্চ্যুয়ালি অংশ নেওয়ার সুযোগ দিতে আবেদন করা হয়েছিল বলে জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ট্রাইবুনাল আজ শুনানি শেষে তাঁদের আবেদনটি মঞ্জুর করেছেন। এখন থেকে শাপলা চত্বরের মামলায় জিয়াউল আহসানকে জেলখানায় রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করানো হবে। এ আদেশ শুধু জিয়াউল আহসানের ক্ষেত্রে নয়, এই মামলার যেকোনো আসামির ক্ষেত্রে প্রযোজ্য। যদি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকেন অথবা যদি অনিয়ন্ত্রিত আচরণ করেন বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, যেমন হাতকড়া পরতে না চাওয়া, আসতে না চাওয়া অথবা যেসব কাস্টমস অ্যান্ড প্রাকটিস (রীতি ও চর্চা) এখানে আছে, সেগুলো মানতে না চাইলে যেকোনো আসামিকে ভার্চ্যুয়ালি হাজির করা হবে। এই আদেশ আজকে হয়েছে।
জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলা চলছে। গত অক্টোবরে ট্রাইব্যুনাল–১–এর দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে জিয়াউলকে সে মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় না। ভার্চ্যুয়ালি সে মামলার বিচারপ্রক্রিয়ায় অংশ নেন জিয়াউল। তিনি সে মামলায় ভার্চ্যুয়ালি কথা বলতে পারেন। বিচার চলার সময় ফোনে তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলতে পারেন।
বিষয়টির সূচনা হয়েছিল গত ৮ অক্টোবর। সেদিন জিয়াউলের আইনজীবী ও তাঁর বোন নাজনীন নাহার ট্রাইব্যুনাল–১–এ আবেদন করেন যে জিয়াউলকে কারাগার থেকে ট্রাইব্যুনালে একা একটি গাড়িতে আনা-নেওয়া করা হয়, যা বিপজ্জনক। তাঁকে যেন অন্য আসামির সঙ্গে আনা–নেওয়া করা হয়।
এ আবেদনের বিরোধিতা করে প্রসিকিউশন তখন আবেদন করেছিলেন, জিয়াউলকে না এনে যেন ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেছিলেন ট্রাইব্যুনাল–১।
তবে ট্রাইব্যুনাল–২ শাপলা চত্বরের মামলায় জিয়াউলকে কারাবিধি মেনে আনার আদেশ দিয়েছিলেন। এই মামলায় গত বৃহস্পতিবার জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেদিন জিয়াউলের হাতে ছিল হাতকড়া, চোখে ছিল কালো চশমা। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা–সমালোচনা হয়। এমনকি সংসদেও প্রশ্ন করেন গুমের শিকার হওয়া এক বিএনপি নেতার স্ত্রী। তারপর আজ জিয়াউলকে হাতকড়া পরিয়ে, মাথায় হেলমেট দিয়ে এবং বুকে ভেস্ট পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিকেলে প্রসিকিউশন জানান, জিয়াউল আহসানকে শাপলা চত্বরের মামলায়ও আর ট্রাইব্যুনালে হাজির করা হবে না।