স্বাগত ২০২৩

আসুন, বাংলাদেশের গল্পটা বদলে দিই

দুর্যোগ ও দারিদ্র্য নিয়ে আমাদের যে পরিচয়, তা অনেকটাই বদলে গেছে। কিন্তু যা বদলায়নি, তা হলো দুর্নীতির চিত্র।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট আবহাওয়া পরিস্থিতি নিয়ে মাইকিং করছেন কোস্টগার্ডের সদস্যরা
ফাইল ছবি

আশির দশকের শেষ মাথায় আমি প্রথম যখন নিউইয়র্কে আসি, তখন বাংলাদেশের পরিচয় মোটামুটি তিন ‘দ’-এর মধ্যেই সীমিত ছিল। দারিদ্র্য, দুর্যোগ ও দুর্নীতি। মনে আছে, আমার মেয়ে, তখন সে মিডল স্কুলের ছাত্রী, একদিন স্কুল থেকে চোখ ফুলিয়ে এসে প্রায় কাঁদতে কাঁদতে জানাল, ক্লাসে তার শিক্ষক জানিয়েছেন, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দরিদ্র ও সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটি দেশ। ‘বাবা, বলো কথাটা মিথ্যা’, সে আমাকে হাত ঝাঁকাতে ঝাঁকাতে প্রশ্ন করেছিল।

মিথ্যা নয়। ৩০ বা ৩৫ বছর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নাম উঠত খুব নেতিবাচক কোনো কিছুর উদাহরণ দিতে। যেমন নিউইয়র্কের হারলেম এলাকায় শিশুমৃত্যুর হার অস্বাভাবিক রকম উঁচু। এতটাই উঁচু যে তা বাংলাদেশের চেয়েও খারাপ, লিখেছিল নিউইয়র্ক টাইমস। আর্সেনিক দূষণের কারণে বাংলাদেশের পানি এতটাই খারাপ যে সেখানে মানুষ প্রতিদিন জেনেশুনে বিষ পান করছে, দুই পাতাজুড়ে এক প্রতিবেদনে সে কথা জানিয়েছিল পত্রিকাটি। সেখানে প্রাকৃতিক দুর্যোগ এত নিয়মিত ও তার ফলাফল এত বিপুল যে টাইমস–এর ভাষায় তা ছিল ঈশ্বর–পরিত্যক্ত একটি দেশ।

সেই বাংলাদেশ বদলে গেছে। প্রাকৃতিক দুর্যোগ এখনো আছে, কিন্তু সেই দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এতটাই সফল যে জাতিসংঘ তাকে এখন ‘মডেল’ হিসেবে চিহ্নিত করে। একাধিক বিদেশি থিঙ্কট্যাংক বাংলাদেশের বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলাকে ‘একজামপ্লেয়ারি প্র্যাকটিস’ বা উদাহরণযোগ্য অনুশীলন নামে অভিহিত করেছে। বিবিসির ভাষ্যে, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ একদিকে দৃঢ়, অন্যদিকে অবস্থামতো ব্যবস্থা গ্রহণে সক্ষম।

দারিদ্র্য মুক্তির ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য তো আরও লক্ষণীয়। একসময় দেশটিকে ‘তলাবিহীন ঝুড়ি’ নামে পরিহাস করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা হেনরি কিসিঞ্জার। দুই বছর আগে নিউইয়র্ক টাইমস সেই বাংলাদেশকেই দারিদ্র্য মোকাবিলায় উদাহরণ হিসেবে ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজ দেশের দারিদ্র্য মোকাবিলায় বদ্ধপরিকর, সে কথা উল্লেখ করে বিখ্যাত কলাম লেখক নিকোলাস ক্রিস্টফ এই পত্রিকাতে লিখেছিলেন, গরিবি হটাতে কী করা দরকার, তা জানতে বাইডেনের উচিত হবে বাংলাদেশের কাছ থেকে শেখা। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনও একই কথা বলেছিলেন। সেটি আরও কয়েক বছর আগের কথা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাশে রেখে এক ঘর বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশে তিনি বলেছিলেন, তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশসমূহের জন্য এই দেশ হলো ‘উন্নয়নের মডেল’। আমি সে ঘটনার সাক্ষী।

কিন্তু যা বদলায়নি

প্রথম দুই ‘দ’-এর রাহু থেকে সামান্য হলেও আমাদের মুক্তি ঘটেছে। নিদেনপক্ষে এ কথা বলা যায়, দুর্যোগ ও দারিদ্র্য নিয়ে আমাদের যে পরিচয়, তা অনেকটাই বদলে গেছে। কিন্তু যা বদলায়নি তা হলো তৃতীয় ‘দ’, অর্থাৎ দুর্নীতি। ২০০৩ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল এক নম্বরে। দুই দশক পর, ২০২১ সালের তালিকায় সে অবস্থা বদলে তার স্থান হয়েছে ১৩ নম্বরে।

শুধু ট্রান্সপারেন্সির বার্ষিক তালিকা দেখে আমাদের সমস্যার গভীরতা বোঝা যাবে না। এই তালিকা প্রস্তুত হয় ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং বিদেশি গবেষক বাংলাদেশ ও তার সরকারি কর্মকর্তাদের ব্যাপারে কী ধারণা পোষণ করেন, তার জরিপের ভিত্তিতে। এটি আমাদের সম্বন্ধে বিদেশিদের ধারণা। দুর্নীতির আসল শিকার দেশের মানুষ ও দেশের অর্থনীতি। দুর্নীতির ব্যাপারে তাঁদের অভিজ্ঞতা এই তালিকা থেকে বোঝা অসম্ভব।

দুর্নীতি বলতে একসময় আমরা দারোগা বা পুলিশের ক্ষমতার অপব্যবহারকেই বোঝাতাম। বা বড়জোর অফিসের বড় বাবু, যিনি টেবিলের তল দিয়ে ছোট একখানা খাম না পেলে পেনশনের ফাইলটা ছাড়তেন না। আমার মনে আছে, জন্মসনদ নিতে আমাকে ঢাকায় এক স্থানীয় থানায় যেতে হয়েছিল। মুখ দিয়ে কিছু বলার আগেই জানানো হয়েছিল, এক দিনের মধ্যে কাজ পেতে কত, এক সপ্তাহে কত। এসব দুই-দশ টাকার মামলা। একজন সাবেক অর্থমন্ত্রী বলেছিলেন, কাজটা দ্রুত সারতে এসব ‘স্পিড মানি’ দেওয়াই বুদ্ধিমানের কাজ। কিন্তু যখন হাজার হাজার কোটি টাকার কথা হয়, তখন কী করণীয়?

বাংলাদেশে বিত্তের পরিমাণ বেড়েছে, সঙ্গে বেড়েছে দুর্নীতির চেহারা। এখন দুই-দশ টাকার মামলা নয়, হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে, দেশের টাকা সরিয়ে নিয়ে পাচার করা হচ্ছে বিদেশে। সে টাকায় কেউ সিঙ্গাপুরে হোটেল কিনছেন, কেউ কানাডায় বিলাসবহুল বাড়ি। নিউইয়র্কে এক সাবেক মন্ত্রীর গুণধর পুত্র রাতারাতি আধা ডজন অ্যাপার্টমেন্ট কিনে বসলেন, তা–ও নগদ ডলার গুনে। অধিকাংশ ক্ষেত্রেই এই টাকা দেশের ব্যাংক থেকে পাচার করা, ঋণের নামে টাকা হাতিয়ে বিদেশে বিলাসিতা। আর যাঁরা সারা জীবনের সঞ্চয় এই সব ব্যাংকে জমা রেখেছিলেন বৃদ্ধ বয়সের সহায় ভেবে, তাঁদের দেয়ালে মাথা ঠোকা ছাড়া কোনো উপায় থাকে না।

ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে একটা বড় প্রভেদ রয়েছে, তা বলাই বাহুল্য। বড় বাবুর দুর্নীতি ঠেকাতে আপনি আল্লাহর দোহাই দিতে পারেন, বড় কোনো কর্তাকে ধরতে পারেন, এমনকি লোকজন জড়ো করে হল্লা করতে পারেন। হুমায়ূন আহমেদ একবার তাঁর এক নাটকে অবসরপ্রাপ্ত এক বৃদ্ধ দুর্নীতির বিরুদ্ধে একাই যে অভিযান শুরু করেন, তার গল্প শুনিয়েছেন। কিন্তু যে দুর্নীতির পেছনে ক্ষমতাবান প্রতিষ্ঠান ও রাষ্ট্রযন্ত্র জড়িত, কোন সুবচন শুনিয়ে তাকে শোধরাবেন?

গত কয়েক বছরে একের পর এক পুকুরচুরির ঘটনা ঘটেছে। এক বালিশের দাম ২২ হাজার টাকা, এমন টেন্ডারের কথাও আমরা পড়েছি। দুই বছর আগে লন্ডনের ইকোনমিস্ট পত্রিকা ফরিদপুরের ক্ষমতাসীন দলের নেতা দুই ভাইয়ের গল্প শুনিয়েছিল, যাঁরা ক্ষমতা ও ভীতি ব্যবহার করে রাতারাতি হাজার হাজার একর জমি দখল করে নেন। দেশের আর্থিক ও ব্যাংকিং খাতে যে হরিলুট চলছে, তাতে অবশ্য এই ঘটনা নস্যি।

২০১৭ সালে মালিকানা পরিবর্তনের পর দেশের শীর্ষ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে এস আলম গ্রুপ নামে ও বেনামে বের করে নিয়েছে প্রায় ৩০ হাজার কোটি টাকা।

জানা গেছে, ব্যাংকের পরিচালনা পর্ষদের যোগসাজশেই এমন পুকুরচুরি সম্ভব হয়েছে। আমানত ছাড়া, এমনকি যথাযথ ক্রেডিট রিপোর্ট না দেখেই ঋণের নামে এই অর্থ তুলে নেওয়া হয়েছে। ওপর মহলের পৃষ্ঠপোষকতা ছাড়া এত বড় মাপের পুকুরচুরি অসম্ভব, সে কথা বুঝতে আমাদের কাউকে শার্লক হোমস হতে হয় না। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় এক ভাষ্যকার এই ভয়াবহ চুরির উদাহরণ দিয়ে মন্তব্য করেছেন, মাথার ওপর ছাতি না থাকলে এমন ঘটনা ঘটা সম্ভব নয়। আর যদি দায়িত্ববান কর্তৃপক্ষ এ বিষয়ে অনবহিত হয়, তাহলে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে।

পৃথিবীর সব দেশেই বড় মাপের দুর্নীতির সঙ্গে রাজনৈতিক ক্ষমতার একটি নিকট সম্পর্ক রয়েছে। ঘুষ নিয়ে ধরা পড়ে দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের এক ভাইস প্রেসিডেন্ট। কোটি কোটি ডলার ঘুষ নেওয়ার কারণে মালয়েশিয়ার এক সাবেক প্রধানমন্ত্রীকে সম্প্রতি ১২ বছরের জন্য জেলে পাঠানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট তাঁর খামারবাড়ির সোফার নিচে চার মিলিয়ন ডলার গুঁজে রেখেছিলেন। দলীয় নেতাদের সিদ্ধান্তে তাঁর চাকরি যায়নি, কারণ লতায়–পাতায় ক্ষমতাসীন মহলের এই নেতাদের অনেকেই তাঁর হাতের কারসাজি থেকে বখরা পেয়ে থাকেন।

পৃথিবীর সব দেশেই দুর্নীতি হয়, এই ভেবে যদি আমরা হাত গুটিয়ে বসে থাকি, তাহলে ক্ষতিটা হবে আমাদেরই। প্রতিবাদ ও প্রতিরোধ না করলে দুর্নীতির এই সংস্কৃতি আমাদের জাতীয় চরিত্রের অঙ্গীভূত হয়ে পড়বে, দুর্নীতিকে আমরা ‘নরমাল’ ভেবে নেব। তাহলে দেশের সর্বনাশ ঠেকানো যাবে না।

তাহলে কী করব

দুর্নীতি প্রতিরোধের সবচেয়ে কার্যকর পথ হলো আইন ও সুশাসনের প্রতিষ্ঠা। কিন্তু যখন দুর্নীতির পেছনে ক্ষমতার পৃষ্ঠপোষকতা থাকে, তখন আইন মানা হবে, সে কথা ভাবার কোনো কারণ নেই। সে অবস্থায় দেশের নাগরিক হিসেবে, ব্যক্তিগত বা গোষ্ঠীবদ্ধ যেভাবেই হোক, আমরা যা করতে পারি, তা হলো দুর্নীতির সংস্কৃতির বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার করা। এর একটা উপায়, দুর্নীতির পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত এমন সব রাজনীতিককে প্রত্যাখ্যান। প্রত্যেক নাগরিকের ভোটাধিকার রয়েছে, তাঁকে সে ক্ষমতা ব্যবহার করতে হবে। গণমাধ্যমও তাঁদের সহায়ক হতে পারে, তবে যে দেশ দুর্নীতিগ্রস্ত, সেখানে তথ্যব্যবস্থার বড় অংশ কোনো না কোনোভাবে এই দুর্নীতির নেটওয়ার্কের সঙ্গে জড়িত। ফলে তথ্যমাধ্যম থেকে সাহায্য পাওয়া যাবে, তার সম্ভাবনা দূর অস্ত। কিন্তু নয়া তথ্যপ্রযুক্তির কল্যাণে সামাজিক তথ্যমাধ্যমের আশ্রয় নেওয়া খুব কঠিন নয়। ফেসবুক বা টুইটার এ ক্ষেত্রে আমাদের সহায়ক হতে পারে।

এ ছাড়া রয়েছে একাধিক আন্তর্জাতিক পোর্টাল, যেখানে দুর্নীতির বিরুদ্ধে যেকোনো নাগরিক তাঁদের অভিযোগ লিপিবদ্ধ করতে পারেন। এর অন্যতম হলো ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টেগ্রিটি অ্যাপ। সরকারি নজরদারি এড়িয়ে যে কেউই এই অ্যাপের মাধ্যমে দুর্নীতিবিষয়ক অভিযোগ জানাতে পারেন। একই রকম আরেকটি পোর্টাল হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অ্যাডভোকেসি অ্যান্ড লিগ্যাল অ্যাডভাইস সেন্টার। শুধু বাংলাদেশের জন্য এই সেন্টারের বিশেষ ব্যবস্থাও রয়েছে। আপনি যদি ভুক্তভোগী হন, অথবা কোনো দুর্নীতির সাক্ষী হন, এখানে আপনার বক্তব্য নথিবদ্ধ করতে পারেন।

আধুনিক প্রযুক্তি ব্যবহারে অভিজ্ঞ ব্যক্তি বা গ্রুপ নিজেরাই এই রকম পোর্টাল তৈরি করতে পারেন। ভারতে দুই নাগরিক অধিকারকর্মী স্বাতী ও রমেশ রামানাথন ব্যক্তিগত উদ্যোগে একটি ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন, যার নাম ‘আই পেইড ব্রাইব’। কেউ দুর্নীতির শিকার হলে এই পোর্টালে শুধু অভিযোগ জানাতে পারে তা–ই নয়, বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিয়ে সম্ভাব্য ব্যবস্থাও গ্রহণ করতে পারে। তাৎক্ষণিক সাহায্যের জন্য এখানে একটি হটলাইনও রয়েছে।

আমাদের দেশে প্রযুক্তি-দক্ষ তরুণ-তরুণীর অভাব নেই, তাঁরা অনায়াসেই এই রকম একটি প্ল্যাটফর্ম নির্মাণ করতে পারেন। মোদ্দাকথা হলো, দুর্নীতি যেন গ্রহণযোগ্য একটি সংস্কৃতিতে পরিণত না হয়, তার জন্য প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলনে নাগরিক অংশগ্রহণ ছাড়া কোনো বিকল্প নেই। চুপ করে থাকা চলবে না, যেভাবে সম্ভব প্রত্যাখ্যানের কণ্ঠস্বর জাগিয়ে তুলতে হবে।

বাংলাদেশ দারিদ্র্য ও দুর্যোগ প্রতিরোধে অনেক দূর এগিয়েছে। তিন ‘দ’-এর শেষ ‘দ’ দুর্নীতকেও আমরা ঠেকাতে পারি। আসুন, নতুন বছরে বাংলাদেশের গল্পটা আমরা বদলে দেওয়ার এই কাজে হাত লাগাই।