কর্ণফুলী গ্যাস

রাইজার পরীক্ষায় গরজ কম

মাঝেমধ্যে নগরের রাইজার পরীক্ষা করা হলেও গ্রামে থাকা গ্যাসলাইনের ত্রুটি ধরতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

২০১৯ সালের ১৭ নভেম্বর সকালে চট্টগ্রাম নগরের পাথরঘাটার ব্রিকফিল্ড সড়কের বড়ুয়া ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অন্তত ১২ জন। গ্যাসলাইনের ছিদ্রের কারণে এ বিস্ফোরণ হয়েছিল বলে মত দিয়েছিল চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। এ ধরনের দুর্ঘটনা রোধে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) আওতাধীন গ্যাসলাইন ও রাইজারগুলো নিয়মিত বিরতিতে পরীক্ষা করার সুপারিশ করা হয়।

২০১৭ থেকে ২০২২ সালের জুন পর্যন্ত সাড়ে পাঁচ বছরে চট্টগ্রামে গ্যাসের কারণে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মারা গেছেন ১৬ জন।

বিস্ফোরণের পর গঠিত তদন্ত কমিটির সদস্যরা গ্যাসলাইন ও রাইজার পরীক্ষার তাগিদ দিয়েছিলেন। কিন্তু রাইজার পরীক্ষায় কেজিডিসিএলের গরজ কম। মাঝেমধ্যে নগর এলাকায় গ্যাস রাইজার পরীক্ষা করে দায় সেরেছে। গ্রাম এলাকায় থাকা গ্যাসলাইনের ত্রুটি ধরতে কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ রয়েছে।

প্রকৌশলীরা বলছেন, রাইজার হলো গ্যাস-সংযোগের গুরুত্বপূর্ণ একটি উপাদান। রাইজারে বাল্ব, মিটার ও রেগুলেটর থাকে। এর মাধ্যমে গ্যাসের চাপ (প্রেশার) কমানো হয়। পাশাপাশি রেগুলেটরের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। একটি রাইজার ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা গেলে বহু বছর পর্যন্ত ব্যবহার করা যায়। রাইজারে ত্রুটি থাকলে বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়।

সার্বিক বিষয়ে জানতে কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মাজেদের চট্টগ্রাম ষোলশহরের কার্যালয়ে গেলে তাঁকে পাওয়া যায়নি। পরে ফোন করলেও তিনি রিসিভ করেননি। আর কোম্পানি সচিব ফিরোজ খানের কাছে গেলে তিনিও কথা বলতে রাজি হননি।

■ সাড়ে পাঁচ বছরে চট্টগ্রামে গ্যাসের কারণে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মারা গেছেন ১৬ জন। ■ দেড় বছরে মাত্র ১৬টি এলাকায় রাইজার পরীক্ষা।

কেজিডিসিএলের অধিভুক্ত এলাকা হলো চট্টগ্রাম নগর, সীতাকুণ্ড, মিরসরাই, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা, ফটিকছড়ি, কর্ণফুলী ও কাপ্তাই। এসব এলাকায় মোট সংযোগ রয়েছে ৬ লাখ ১ হাজার ৯১৪টি। এর মধ্যে গৃহস্থালি সংযোগ আছে ৫ লাখ ৯৭ হাজার ৫৬১টি, বাকিগুলো শিল্পবাণিজ্যসহ অন্য খাতে।

জানা গেছে, এসব সংযোগে রাইজার আছে প্রায় ১ লাখ ৪৮ হাজারের মতো। এর মধ্যে শহর এলাকায় আছে প্রায় ১ লাখ ২০ হাজার। বাকিগুলো গ্রামে। ২০১৯ সালে কেজিডিসিএল ইকোগ্যাস এশিয়া লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করে। গ্যাস-সংযোগে ছিদ্র ও ত্রুটি ধরা এবং তা সমাধান করার জন্য চুক্তিটি করা হয়। ওই চুক্তির আলোকে প্রতিষ্ঠানটি ২০১৯-এর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ১ লাখ ৫ হাজার ৮৮৫টি রাইজার পরীক্ষা-নিরীক্ষা করে। এতে ৮ হাজার ২৩৯টি রাইজারে ত্রুটি ধরা পড়ে।

এরপর ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের মে পর্যন্ত সংযোগ লাইনে ত্রুটি ধরতে আরেকটি প্রকল্প পরিচালনা করে কেজিডিসিএল। ওই প্রকল্পের অধীনে নগরের ১৬টি এলাকায় ৬০৮টি ত্রুটি চিহ্নিত করা হয়। নগরের চান্দগাঁও, হিলভিউ, কসমোপলিটন, মেয়র গলি, রহমান নগর, হাজী চান্দমিয়া রোড, আগ্রাবাদ, হালিশহরসহ নগরের মোট ১৬টি এলাকায় আবাসিক ও বাণিজ্যিক সংযোগ পরীক্ষা করা হয়।

নগরের গ্যাসের লাইন ও রাইজার পরীক্ষা-নিরীক্ষার ব্যাপারে কেজিডিসিএলের তোড়জোড় থাকলেও গ্রামীণ এলাকার সংযোগের ক্ষেত্রে তা নেই। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসলাইন ও রাইজার রক্ষণাবেক্ষণের বিষয়ে নগরের থেকে গ্রামে নজর দেওয়া বেশি দরকার। সেখানে ত্রুটি থাকলেও অনেক সময় খবর না পাওয়ার সম্ভাবনা থাকে। তাই নিয়মিত পরীক্ষা করা উচিত।

কেজিডিসিএলের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বিভিন্ন কারণে গ্যাসলাইনে ত্রুটি বা ছিদ্র হতে পারে। নগরে বর্তমানে একাধিক প্রতিষ্ঠান উন্নয়ন প্রকল্পের কাজ করছে। এসব প্রকল্পের নির্মাণকাজের জন্য এর আগে কয়েকবার বিভিন্ন জায়গায় গ্যাসলাইনে ছিদ্র হয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। এ জন্য নগর এলাকায় সংযোগ পরীক্ষায় বেশি গুরুত্ব দেওয়া হয়।

জানতে চাইলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ইসলাম মিয়া প্রথম আলোকে বলেন, গ্যাসলাইনের কোথাও ছিদ্র আছে কি না, তা বের করতে নিয়মিত বিরতিতে রাইজার পরীক্ষা করা উচিত। লাইনে ছিদ্র থাকলে গ্যাসের অপচয় বাড়বে। রাইজারের কোনো বাল্ব সিল নষ্ট কি না, তা ঠিকমতো কাজ করছে কি না, লাইনে কোনো প্রকার বাহ্যিক বস্তু আছে কি না, তা দেখতে হবে।