হাম আক্রান্ত শিশুকে ডিএনসিসি হাসপাতালে নেবুলাইজ করা হচ্ছে
হাম আক্রান্ত শিশুকে ডিএনসিসি হাসপাতালে নেবুলাইজ করা হচ্ছে

হামে দুই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল—এ সময়ের মধ্যে এ রোগে ৯ জনের প্রাণ গেল। দুই মাসের মধ্যে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে হামের উপসর্গে মারা গেছে ৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষের (কন্ট্রোল রুম) রোববারের তথ্য অনুযায়ী, মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর এক দিনে ১১ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ২৪৭ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৫২।

চলতি মাসের শুরুতে, ১ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১৪৯। নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন। আজ পর্যন্ত উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ২৪৭ হয়েছে; অর্থাৎ নভেম্বরের প্রথম ২২ দিনে উপসর্গে মৃত্যু হয়েছে ৯৮ জনের। নিশ্চিত হামে মৃত্যু এই সময়ে বাড়েনি।

আবার বাড়ছে রোগীর সংখ্যা

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে; অর্থাৎ এক দিনে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ২৩৮ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৪৩, সিলেটে ১৮ এবং চট্টগ্রামে ১৫ জনের। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে ৫০৩ জন। চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ এবং রাজশাহীতে ৩৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

এ বছর পরিস্থিতি ভয়াবহ

বাংলাদেশে এ বছর হামে যতজনের মৃত্যু বা সংক্রমণ হয়েছে, তা দেশের ইতিহাসে ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছিল ১৩২ জন। ২০২৪ সালে ২৪৭, ২০২৩ সালে ২৮২, ২০২২ সালে ৩১১ এবং ২০২১ সালে ২০৩ জনের হাম শনাক্ত হয়েছিল।

এর আগে ২০০৫ সালে দেশে ২৫ হাজার ৯৩৪ জনের হাম শনাক্ত হয়েছিল। আড়াই দশকের মধ্যে সেটিই ছিল সর্বোচ্চ। কিন্তু ২০২৬ সালে পরিস্থিতি আগের সব বছরের তুলনায় ভয়াবহ হয়েছে। এ বছরের প্রাদুর্ভাবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কয়েক গুণ বেড়েছে।

বছরের শুরুতে শিশুদের মধ্যে হামের সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করে। পরে তা দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হয়।

জনস্বাস্থ্যবিদেরা এর পেছনে নিয়মিত টিকাদানের ঘাটতি ও শিশুদের মধ্যে টিকার আওতার বাইরে থেকে যাওয়াকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখেছেন। বিশেষ করে এক বছরের কম বয়সী শিশুদের মধ্যে ঝুঁকি বেশি। হামের সংক্রমণ ঠেকাতে টিকার দুটি ডোজ গুরুত্বপূর্ণ।

সাবেক অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালে হামের টিকাদানে চরম অবহেলা দেখানো হয়। চলতি বছরের শুরু থেকেই হামের সংক্রমণ বাড়লেও সরকার এটা নিয়ন্ত্রণে তেমন কিছুই করেনি। এপ্রিল মাসে গণটিকাদানের ব্যবস্থা করা হয়েছিল বটে; কিন্তু সেখানে ৪০ লাখ শিশু বাদ পড়ে যায়। দেশের ইতিহাসে এমন ঘটনাও আগে ঘটেনি। ওই দফায় টিকা দিতে এই ব্যর্থতার কারণেই এখনো সংক্রমণ ও মৃত্যু ঘটে যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া ও শরীরে ফুসকুড়ি এর প্রধান উপসর্গ। শিশুদের ক্ষেত্রে অপুষ্টি, নিউমোনিয়া ও অন্যান্য জটিলতা দেখা দিলে মৃত্যুর ঝুঁকি বাড়ে।