ইসলামী ব্যাংকের ‘নিয়ম বহির্ভূত লেনদেনের’ তদন্তের অনুরোধ ৫ আইনজীবীর

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লোগো
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড  লোগো

ইসলামী ব্যাংকের ‘নিয়ম বহির্ভূত’ লেনদেনের অনুসন্ধান করার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে অনুরোধ করে চিঠি দিয়েছেন পাঁচ আইনজীবী। তাঁরা নিজেদের ইসলামী ব্যাংকের নিয়মিত গ্রাহক হিসেবে পরিচয় দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে এই চিঠি দেন তাঁরা।

গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘ইসলামী ব্যাংকে ভয়ংকর নভেম্বর’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে নানা উপায়ে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকার ঋণ বের করে নেওয়ার তথ্য তুলে ধরা হয়।

এদিকে দেশের একটি বাণিজ্যবিষয়ক ইংরেজি পত্রিকায় ইসলামী ব্যাংকের আরও ২ হাজার ৭০০ কোটি টাকার ঋণ অনিয়মের প্রতিবেদন প্রকাশিত হয়। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে এসব ঋণ নেওয়া হয়। আর গতকাল বুধবার একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত হয়, ইসলামী ব্যাংক থেকে একাই ৩০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম গ্রুপ।

আজ দুদকে দেওয়া চিঠিতে এসব প্রতিবেদনের কথা তুলে ধরা হয়। চিঠিতে বলা হয়, ‘পত্রিকার রিপোর্টে ইসলামী ব্যাংকের নিয়ম বহির্ভূত লেনদের প্রতিভাত হয়েছে জামানত ছাড়া ঋণ প্রদান, নামসর্বস্ব কোম্পানিকে ঋণ প্রদানের সুনির্দিষ্ট অভিযোগ উঠে এসেছে। ব্যাংকের কর্মচারীসহ প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ও সুধীজনের ভাষ্যমতে, রিপোর্টে উল্লেখিত সংখ্যার চেয়ে প্রকৃত অসাধু লেনদেনের পরিমাণ অনেক গুণ বেশি।’

এসব বিষয় বিবেচনায় নিয়ে ‘গভীরভাবে অনুসন্ধানের জন্য’ দুদক চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান আইনজীবীরা। তদন্তের পর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর আইনগত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়।

দুদককে চিঠি দেওয়া পাঁচ আইনজীবী হলেন—মোহাম্মদ শিশির মনির, আবদুল্লাহ সাদিক, মোহাম্মদ আবদুল ওয়াদুদ, যায়েদ বিন আমজাদ ও শায়খুল ইসলাম ইমরান