
১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী ডা. শামসুল আলম খান মিলনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন।
আজ রোববার ‘শহীদ ডা. মিলন দিবস’। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন তিনি।
বাসস জানায়, মিলনের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।
মিলন ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম মহাসচিব ও ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষক। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে।
বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আজ সকালে ঢামেক চত্বরে মিলনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। সেখানে ফাতেহা পাঠ করা হয়। বিশেষ মোনাজাত করা হয়।
দিবসটি যথাযথ মর্যাদায় পালনে কর্মসূচি গ্রহণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ সকালে দলের পক্ষ থেকে মিলনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় পতাকা অর্ধনমিত রাখা, মিলনের সমাধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি–সংলগ্ন সৌধে পুষ্পস্তবক অর্পণ।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন মিলনের সমাধি ও সৌধে পুষ্পস্তবক অর্পণ করে।
সকালে মিলনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তাঁর পরিবার। দিবসটি উপলক্ষে বিএমএসহ বিভিন্ন সংগঠন আলোচনা সভার আয়োজন করেছে।