‘এনভায়রনমেন্টাল ফাইন্যান্স সাসটেইনেবল ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ পেল ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস

বিশ্বব্যাপী টেকসই অর্থায়ন ও দায়িত্বশীল বিনিয়োগ খাতের স্বীকৃত প্রতিষ্ঠান এনভায়রনমেন্টাল ফাইন্যান্সের ‘সাসটেইনেবল ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার—ফিক্সড ইনকাম’ পুরস্কার অর্জন করেছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। দায়িত্বশীল বিনিয়োগের প্রসারে উদ্ভাবন, নেতৃত্ব এবং পরিমাপযোগ্য প্রভাব সৃষ্টিকারী প্রতিষ্ঠান ও লেনদেনকে এ পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়।

বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশনের (আইসিএমএ) নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সামাজিক বন্ডের কাঠামো প্রণয়ন ও লিড অ্যারেঞ্জার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস এ স্বীকৃতি পেয়েছে। দেশের টেকসই ঋণবাজারে এ উদ্যোগ আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং আটটি এসডিজি অর্জনে অবদান রাখার জন্য পুরস্কৃত হয়েছে।

ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হুসেইন বলেন, ‘এনভায়রনমেন্টাল ফাইন্যান্সের সাসটেইনেবল ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন বাংলাদেশের পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন আনতে আমাদের অঙ্গীকার ও উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে।’ তিনি আরও বলেন, এ অর্জন বাংলাদেশে একটি প্রাণবন্ত প্রভাবভিত্তিক বিনিয়োগব্যবস্থা গড়ে তুলতে ইস্যুয়ার, বিনিয়োগকারী এবং অন্যান্য অংশীজনের অংশগ্রহণ আরও বাড়াবে। একই সঙ্গে ইতিবাচক সামাজিক ও পরিবেশগত প্রভাব সৃষ্টিকারী উদ্যোগে আরও বেশি পুঁজি প্রবাহে সহায়তা করবে।