
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ইউভাল নোয়াহ হারারির লেখা ‘নেক্সাস’ বইটি ফেরত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বইটি উপহার দেওয়া নিয়ে সমালোচনা শুরুর পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার তাঁর দপ্তরে বিজয়ী হাফেজদের কাছ থেকে বইগুলো ফেরত নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার সচিবালয়ে বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁরা সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের বিভিন্ন উপহার দেওয়া হয়। এর মধ্যে ছিল হারারির লেখা ‘নেক্সাস’ বইটি।
বইটি উপহার দেওয়ার বিষয়টি সামনে আসার পর সমালোচনা শুরু হয়। হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামসহ ধর্মভিত্তিক সংগঠনগুলো এ নিয়ে আপত্তি জানায়। তাদের বক্তব্য, হারারির লেখায় ধর্ম ও স্রষ্টা সম্পর্কে এমন কিছু মতামত রয়েছে, যা ইসলামি বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনায় বইটি উপহার দেওয়া অনুচিত হয়েছে বলে তারা মনে করে। ‘নেক্সাস’ বইটিতে মানব ইতিহাসে তথ্যের ভূমিকা, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে।
ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নিয়ে বইগুলো ফেরত নেওয়া হয়েছে। সংবর্ধনায় বিজয়ী হাফেজদের জন্য ঘোষিত আন্তর্জাতিক সফর, সহায়তাসহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজও চলছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাসহ এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে হাফেজদের প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার। এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের হাফেজরা দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনছেন।
বই ফেরত নেওয়ার সময় বিজয়ী হাফেজ মুহাম্মদ জাকারিয়া, হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী, হাফেজা রাবিতা বিনতে রমাদান ও হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ উপস্থিত ছিলেন। তাঁদের শিক্ষকেরাও এ সময় উপস্থিত ছিলেন।