নোয়াখালীতে স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে চবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ‘নোয়াখালী জেলার শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়
ছবি: প্রথম আলো

নোয়াখালী শহরে নিজ বাসায় এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের পর হত্যার ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ‘নোয়াখালী জেলার শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন সঞ্চালনা করেন নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম।

এ সময় পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আনসারুল হক বলেন, শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। অথচ অষ্টম শ্রেণির এক ছাত্রী নিজের ঘরে যখন তার শিক্ষকের হাতেই এমন ঘটনার শিকার হয়, তখন এর চেয়ে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। নিজ ঘরে নারী নিরাপদ নয়, আর কোথায় নিরাপত্তা আশা করব? ধর্ষণ ও হত্যায় জড়িত ওই গৃহশিক্ষককে ফাঁসি দিতে হবে।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী ফাহমিদা আক্তার বলেন, ‘এই একুশ শতকে এসে অন্য দেশে যখন নারীরা যুগের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে, সেখানে এ দেশে নারীদের নিরাপত্তার নিশ্চয়তা নেই। নিজ ঘরে গলা কেটে হত্যার চেয়ে ভয়ানক ঘটনা তো কল্পনাও করা যায় না। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

গত বৃহস্পতিবার রাতে শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি বাসা থেকে স্কুলছাত্রীর (১৪) গলাকাটা লাশ উদ্ধার করে সুধারাম থানার পুলিশ। ওই ছাত্রী নোয়াখালীর একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। পরিবারের অভিযোগ, ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

ছাত্রীর গৃহশিক্ষক আবদুর রহিম আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ধর্ষণচেষ্টার ঘটনা সবাইকে জানিয়ে দেওয়ার কথা বলার পর ওই ছাত্রীকে তিনি প্রথমে বালিশচাপা দিয়ে হত্যা করেন। জবানবন্দিতে গলা ও হাতের রগ কেটে ছাত্রীর মৃত্যু নিশ্চিত করার কথা স্বীকার করেন আবদুর রহিম।