বাংলাদেশ মহিলা পরিষদ
বাংলাদেশ মহিলা পরিষদ

মানবাধিকারকর্মী নাদিমা মোহাম্মদীর ওপর হামলার ঘটনায় মহিলা পরিষদের ক্ষোভ

সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকারকর্মী নাদিমা মোহাম্মদী খানের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, সংঘটিত হামলার ঘটনাটি নারীর নিরাপত্তাকে সংকটময় পরিস্থিতিতে ফেলছে এবং তাঁর সম্মান ক্ষুণ্ন করেছে।

বিবৃতিতে বলা হয়, গত শনিবার বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাতে জানা যায়, বরিশালে মানবাধিকারকর্মী নাদিমা মোহাম্মদী খানের নিজ বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে নাদিমা মোহাম্মদী খান ও তাঁর চাচাতো বোন বাড়িতে আসেন। অভিযোগ রয়েছে, সেখানে কিছু যুবক বাড়ির ভেতর আবর্জনা ফেলে রাখত এবং মাদক সেবন ও মাদক কারবার চালিয়ে আসছিল। এর প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ২৫-৩০ জন সংঘবদ্ধ হয়ে নাদিমা মোহাম্মদী খানের ওপর হামলা চালায়। আহত অবস্থায় তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, নিজ বাসভবনে একজন মানবাধিকারকর্মীকে বেআইনিভাবে ‘মব’ সৃষ্টি করে দলবদ্ধভাবে হামলা চালানোর ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। এই হামলা নারীর নিরাপত্তাকে সংকটের মুখে ফেলার পাশাপাশি তাঁর সম্মানও ক্ষুণ্ন করেছে। সংগঠনটি মনে করে, শুধু মানবাধিকারকর্মী নন, একজন নারীর নিজ বাসভবনে স্বাধীনভাবে থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে; যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে।

বাংলাদেশ মহিলা পরিষদ এই হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে নারী ও কন্যাশিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।