
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সংগঠনের আট নেতা-কর্মীকে বহিষ্কার এবং এক যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। রোববার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য মো. ইসরাফিল ইসলাম, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন, মনিরুজ্জামান মনির, মো. সৌরভুর রহমান এবং কর্মী কাব্য সাহাকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিককে শোকজ করা হয়েছে। কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে সশরীর উপস্থিত হয়ে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল আরেফিন ও যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হকের অনুসারীদের মধ্যে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসের প্রধান ফটক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনে ও বাহাদুর শাহ পার্ক এলাকায় কয়েক দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় লিপ্ত হয়। এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিকেলের দিকে নেতা-কর্মীরা এলাকা ত্যাগ করেন।
এর আগে গত বুধবার রাতেও নবীনবরণ কনসার্টের মঞ্চে বসাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।