ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত) দেশে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (ঢাকা মহানগরসহ) সবচেয়ে বেশি ৯২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬১ জন, খুলনায় ২২৪, রাজশাহীতে ২১৬, বরিশালে ১৮৫, ময়মনসিংহে ৭৬, রংপুরে ৬৩ ও সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জন। এ সময়ে মারা গেছেন ৪৮১ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ২৩২ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৯১৫ জন চিকিৎসাধীন।
চলতি বছরের মে মাস থেকে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। এরপর প্রতি মাসে দ্বিগুণ হারে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ে। সর্বশেষ অক্টোবরে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়। নভেম্বরে এর প্রকোপ কমে আসার কথা থাকলেও তা কমছে না।