ফেব্রুয়ারি মাস। চলছে অমর একুশে বইমেলা। বছরজুড়ে পাঠকেরা প্রতীক্ষা করেন প্রিয় এই মেলার জন্য। লেখক-পাঠকদের মিলনমেলার এই জায়গায় ঘুরে ঘুরে বই কেনার অনুভূতিই অন্য রকম। এই মেলা থেকেই অনেক পাঠক সারা বছরের প্রিয় বইগুলো সংগ্রহ করে থাকেন। তো, মেলায় ঘুরছেন, বই কিনছেন, এর মধ্যে হুট করে পকেট গড়ের মাঠ! কিন্তু খুব দরকারি কিংবা প্রিয় কোনো বই কেনা হয়নি তখনো। তাই মন খারাপ নিয়ে বাড়ি ফিরতে হয় অনেককে।
তবে এর মধ্যে কেউ কেউ আছেন ব্যতিক্রম। তাঁর কাছে কাগজের টাকা না থাকলেও তিনি জরুরি কিংবা প্রিয় বইটি কিনেই বাড়ি ফেরেন। ভাবছেন কীভাবে? কারণ, বুদ্ধি করে তাঁরা তাঁদের মুঠোফোনে থাকা বিকাশ অ্যাকাউন্টে টাকা জমা রাখেন। সেখান থেকে মূল্য পরিশোধ করে বই কেনেন তিনি। আর যদি নিজের বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকে, তাহলে পরিবারের সদস্য কিংবা পরিচিতদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে, নয়তো ব্যাংক হিসাব থেকে টাকা স্থানান্তর করে কিনে ফেলেন দরকারি বইটি। মেলা প্রাঙ্গণ থেকে ফেরেন পছন্দের বই কেনার তৃপ্তি নিয়ে।
বিকাশের আর্থিক লেনদেন জীবনের অন্য সব ক্ষেত্রের মতো বইমেলার কেনাকাটাকেও করেছে সহজ। এখন আর বই কেনার জন্য মানিব্যাগ ভর্তি করে টাকা নেওয়ার দরকার নেই। বইমেলার অধিকাংশ স্টলেই বিকাশ পেমেন্টের সুবিধা আছে। কিউআর কোড স্ক্যান অথবা *২৪৭# ডায়াল করে বইয়ের দাম পরিশোধ করলেই তাৎক্ষণিক কিছু অর্থ ফেরতও (ক্যাশব্যাক) পাবেন গ্রাহক। প্রকাশক ও বিক্রেতাদের দেওয়া ছাড়ের পাশাপাশি বিকাশে কেনাকাটা করলে ক্যাশব্যাক পাওয়ার বিষয়টি পাঠকদের আরও বেশি বই কেনার সুযোগ করে দিচ্ছে। এদিকে যাঁদের বিকাশ অ্যাকাউন্ট নেই, তাঁরা চাইলেই মেলা প্রাঙ্গণে জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে বিকাশের বুথ থেকে তাৎক্ষণিক অ্যাকাউন্ট খুলতে পারেন।
মেলায় বই কিনতে আসা এক পাঠক বিকাশের মাধ্যমে কেনাকাটার বিষয়ে বলেন, ‘যেহেতু এটা মেলা, জনসমাগমস্থল। আর মেলার সঙ্গে “হারিয়ে যাওয়া”র একটা বিষয় থাকে। আমি ব্যাগে করে টাকা নিয়ে এলাম। কিন্তু পেমেন্ট করতে গিয়ে দেখলাম টাকার ব্যাগটাই হারিয়ে ফেলেছি। তখন বিপাকে পড়তে হয়। তার চেয়ে আমার ফোনে টাকা থাকবে। টাকা হারানোর ভয় ছাড়া পছন্দের বইটি কিনতে পারব।’
বিকাশের মাধ্যমে বই কিনতে পেরে ক্রেতারা যেমন খুশি, তেমনি বিক্রেতা বা প্রকাশকেরাও এই ঝামেলাহীন লেনদেন নিয়ে তাঁদের স্বস্তি প্রকাশ করেন। অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন নাথ জানান, ‘গেল বছরগুলোতে বই কেনাকাটায় দেখলাম বিকাশের এই আর্থিক লেনদেন খুবই সুবিধাজনক। যেমন খুচরা পয়সা নিয়ে প্রকাশনা সংস্থা এবং ক্রেতাকে কোনো রকম বিপাকে পড়তে হয় না। যত টাকা বিল এসেছে ঠিক সেই পরিমাণই লেনদেন করা গেছে। ভাঙতি টাকার জন্য দুই–পাঁচ টাকা, ছেঁড়া নোট—এমন বিড়ম্বনা নেই বিকাশের মাধ্যমে কেনাকাটায়।’
বইমেলায় ক্যাশলেস কেনাকাটার বিষয়ে বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ সাদিক জানান, ‘বইয়ের সঙ্গে পাঠকের একটা নিবিড় সম্পর্ক; ভালোবাসার সম্পর্ক। সেই ভালোবাসার সম্পর্কটিকে আরও রাঙিয়ে দিতে আমরা কয়েক বছর ধরে মেলা আয়োজনে পৃষ্ঠপোষকতার পাশাপাশি ক্রেতা-পাঠক-বিক্রেতাদের জন্য নানা আয়োজন ও সুযোগ-সুবিধা নিয়ে এসেছি। এতে পাঠক খুব আনন্দিত।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘মেলায় ক্যাশ টাকা ছাড়া মুঠোফোনের মাধ্যমে খুব সহজে কেনাকাটা করতে পারছেন পাঠকেরা, আবার সেই সঙ্গে পাচ্ছেন ক্যাশব্যাক। বইমেলায় ক্রেতাদের এমন ইতিবাচক সুযোগ করে দিতে পেরে আমরা খুব আনন্দিত। বই হচ্ছে মনের জানালা। সেই জানালায় আলো-হাসি খেলা করুক, এর জন্য যত রকম প্রণোদনা দিতে হয় আমরা সে–ই চেষ্টা করব।’