শহীদ শরিফ ওসমান বিন হাদি
শহীদ শরিফ ওসমান বিন হাদি

হাদি হত্যা তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার: প্রেস সচিব

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের দপ্তরের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানিয়েছেন।

হাদি হত্যাকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চাওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, সুযোগ পেলেই জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের দপ্তরকে এ ঘটনার তদন্তে প্রস্তাব দেওয়া হবে।’

প্রেস সচিব আরও বলেন, এই মামলার পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।

শরিফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতাল হয়ে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।