
ভয়কে জয় করার প্রত্যয় নিয়ে বাংলা নতুন বছরের ভোরে কণ্ঠ ছেড়ে গান গাইবে ছায়ানট। এবার ছায়ানটের নববর্ষ বরণের প্রভাতি অনুষ্ঠানের মূল ভাবনা নির্ধারণ করা হয়েছে—‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’।
বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে আজ রোববার বিকেলে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট রমনার বটমূলের প্রভাতি অনুষ্ঠানের পরিকল্পনা জানাতে সংবাদ সম্মেলনে আয়োজন করে। ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে সংবাদ সম্মেলন শুরু হয়েছিল এবারের প্রভাতি অনুষ্ঠানের জন্য বাছাই করা সলিল চৌধুরীর গান ‘সেদিন আর কত দূরে’ পরিবেশনা দিয়ে।
সংবাদ সম্মেলনে ছায়ানট সভাপতি সারওয়ার আলী বলেন, দলবদ্ধ আক্রমণের ভয়ের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে তাঁরা নির্ভয়ে গান করতে চান। ইতিহাস স্মরণ করে তিনি বলেন, ১৯৬৭ সালে রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে নববর্ষ বরণের প্রভাতি অনুষ্ঠানের প্রধান বৈশিষ্ট্যই ছিল ভয়ের পরিবেশ থেকে বের হয়ে এসে সংগীতের ভেতর দিয়ে বাঙালি জাতিসত্তার পরিচয়কে তুলে ধরা। পয়লা বৈশাখের এ অনুষ্ঠান কালক্রমে দেশের সব ধর্ম, বর্ণের মানুষের কাছে এক অভিন্ন উৎসবে পরিণত হয়েছে।
সারওয়ার আলী বলেন, এ বছর ছায়ানটসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংবাদপত্রের ওপর সংঘবদ্ধ হামলা হয়েছে। কিন্তু সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকেরা দ্রুত ঘুরে দাঁড়িয়েছেন। নির্ভয়ে নিজেদের অবস্থান থেকে নিজেদের লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন। আমরা আশা করব, সেদিন প্রকৃতই আর বেশি দূরে নয়, যখন এমন পরিস্থিতির অবসান হবে। রাষ্ট্র ও সমাজে একটি মুক্ত পরিবেশ সৃষ্টি হবে।
বিস্তারিত কর্মসূচি তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন ছায়ানটের সাধারণ সম্পাদক শিল্পী লাইসা আহমদ লিসা। তিনি জানান, বরাবরের মতোই সংস্কৃতিবিরোধী অপশক্তিকে তুচ্ছ করে ধর্ম-বর্ণনির্বিশেষে বাঙালি তার সর্ববৃহৎ উৎসব নতুন বছর বরণ করতে প্রস্তুত হয়েছে। ছায়ানট বলতে চায় ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’, সেখানেই বাঙালির জয়। সব প্রতিকূলতা দূর করে নতুন বছরে আমরা আরও মানবমুখী হতে চাই। তিনি বলেন, মার্কিন-ইসরায়েলি যুদ্ধবাজরা হাজার হাজার বছরের পারস্য সভ্যতা ধ্বংসলীলায় মত্ত হয়েছে, বিশ্ব জনজীবন যখন বিপর্যয়ের মুখে পড়েছে, তখন শান্তি-কল্যাণ-স্বস্তির আকাঙ্ক্ষাও থাকবে ছায়ানটের এ আয়োজনে।
সকাল ৬টা ১৫ মিনিটে অনুষ্ঠান শুরু হবে সম্মেলক কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গানের পরিবেশনা দিয়ে। এবার অনুষ্ঠান সাজানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁইর গান, লোকগানের পাশাপাশি, দ্বিজেন্দ্রলাল রায়, অজয় ভট্টাচার্য, আবদুল লতিফ, জ্যোতিরিন্দ্র মৈত্রের গান দিয়ে।
এ ছাড়া এবারের অনুষ্ঠানে বিশেষ সংযোজন থাকবে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রখ্যাত গণসংগীতজ্ঞ সলিল চৌধুরীর জন্মশতবর্ষ ও প্রয়াত বিশিষ্ট মুক্তিযোদ্ধা গীতিকার সুরকার ও চিত্রশিল্পী মতলুব আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের গান দিয়ে। মোট ২২টি গান পরিবেশিত হবে প্রায় দুই ঘণ্টার এ অনুষ্ঠানে। এর মধ্যে ৮টি থাকবে সম্মেলক গান, আর একক কণ্ঠের গান থাকবে ১৪টি। পাঠ থাকবে দুটি। ছায়ানটের শিশু বিভাগের শিক্ষার্থীসহ সব বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও বিশিষ্ট শিল্পী মিলিয়ে প্রায় ২০০ শিল্পী অনুষ্ঠানে অংশ নেবেন। রমনার বটমূল থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও দীপ্ত টেলিভিশন এবং প্রথম আলো ও বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকমের ওয়েব পোর্টাল। এ ছাড়া সরাসরি দেখা যাবে ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
সংবাদ সম্মেলনে ছায়ানটের সহসভাপতি শিল্পী খায়রুল আনাম শাকিল, পার্থ তানভীর নভেদ ও যুগ্ম সম্পাদক জয়ন্ত রায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। গানে গানে শুরু হওয়া আয়োজনটি শেষও হয়েছিল প্রভাতি অনুষ্ঠানে গীত হবে এমন একটি সম্মেলক কণ্ঠের গান ‘বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া’ পরিবেশনা দিয়ে।