চট্টগ্রামে ১০ বছর আগে উড়ালসড়কের গার্ডারধসে ১৩ জনের মৃত্যু হয়েছে
চট্টগ্রামে ১০ বছর আগে উড়ালসড়কের গার্ডারধসে ১৩ জনের মৃত্যু হয়েছে

চট্টগ্রামে উড়ালসড়কে গার্ডারধস

সাক্ষ্য দিতে না আসায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা

১০ বছর আগে চট্টগ্রামে উড়ালসড়কের গার্ডারধসে ১৩ জনের মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় সুরতহাল প্রস্তুতকারী দুই পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তাঁরা হলেন নগরের চান্দগাঁও থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান ও আবদুল হালিম। আজ বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এ আদেশ দেন।

সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, তদন্তকারী পুলিশ কর্মকর্তারা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে লাশের সুরতহাল প্রস্তুকারী দুই পুলিশ কর্মকর্তাকে রাখেননি। সাক্ষ্য গ্রহণ করতে গিয়ে বিষয়টি আদালতের নজরে আসে। পরে আদালত সাক্ষ্য দিতে দুই পুলিশ কর্মকর্তাকে হাজির হতে সমন জারি করেন। আজ (বুধবার) ধার্য দিনে দুই পুলিশ কর্মকর্তা হাজির না হওয়ায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

৪ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘উড়ালসড়কে গার্ডারধস: ১৩ মৃত্যুতেও পুলিশের এমন হেলাফেলা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

২০১২ সালের ২৪ নভেম্বর নগরের বহদ্দারহাটে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নির্মাণাধীন এম এ মান্নান উড়ালসড়কের ১২ ও ১৩ নম্বর গার্ডার ধসে ১৩ জনের মৃত্যু হয়। এ ঘটনার দুই দিন পর পুলিশ বাদী হয়ে মামলা করেন। এতে সিডিএর তৎকালীন চেয়ারম্যান আবদুস সালাম ও প্রকল্প পরিচালক এ এম হাবিবুর রহমানকে আসামি করা হয়েছিল। তদন্ত শেষে পরের বছরের ২৪ অক্টোবর চান্দগাঁও থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে উড়ালসড়ক নির্মাণের তদারকির সঙ্গে যুক্ত মূল কর্মকর্তাদের কর্তব্যে অবহেলার অভিযোগ থেকে রেহাই দেয় পুলিশ। রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে নারাজি দেয়। ২০১৪ সালের ১৮ জুন নারাজি আবেদন খারিজ করে আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার অ্যান্ড পারিশা ট্রেড সিস্টেমসের তৎকালীন ব্যবস্থাপক গিয়াস উদ্দিন, একই প্রতিষ্ঠানের মনজুরুল ইসলাম, আবদুল জলিল, আমিনুর রহমান, আবদুল হাই, মোশাররফ হোসেন, শাহজাহান আলী ও রফিকুল ইসলাম। তাঁরা জামিনে আছেন।