নারীকে দিয়ে কৌশলে ডেকে চাঁদা আদায়, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া তিনজন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বাসস্ট্যান্ডসহ ব্যস্ততম এলাকায় ঘোরাঘুরি করেন কয়েকজন নারী। বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এক পর্যায়ে সেসব ব্যক্তিকে নির্জন কোনো জায়গায় কিংবা ফাঁকা বাসায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়।

প্রস্তাবে রাজি হলেই সর্বনাশ। আগে থেকে প্রস্তুত থাকেন আরও কয়েকজন। তাঁরা ওই ব্যক্তিকে আটকে রাখেন, মারধর করেন। তাঁর কাছ থেকে অর্থ আদায় করেন।

কিছুদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এমন একটি চক্র অপরাধমূলক কাজ করে আসছিল। গত বুধবার রাতে নগরের পাঁচলাইশ, বায়েজীদ বোস্তামী ও চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পর পুলিশ এসব তথ্য জানতে পারে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. সজিব (২২), মো. সাকিব (২১) ও মো. সুমন (২০)।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, এ চক্রটি দীর্ঘদিন থেকে নারীদের ব্যবহার করে চাঁদা আদায় করে আসছিল। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় ভুক্তভোগীদের অনেকেই আইনগত ব্যবস্থা নেন না। এ সুযোগে চক্রটি বেপরোয়া হয়ে ওঠে। তবে দুই ভুক্তভোগী থানায় মামলা করলে পুলিশ এ চক্রের সন্ধানে অভিযানে নামে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ ডিসেম্বর নগরের পাঁচলাইশ হিলভিউ এলাকায় ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে বাসায় ডেকে নিয়ে এক লাখ টাকা দাবি করেন এ চক্রের সদস্যরা। পরে তাঁর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায় করা হয়। একই চক্র আরেক ভুক্তভোগীকে ৩০ ডিসেম্বর নগরের মুরাদপুর থেকে বাসায় ডেকে নিয়ে ২০ হাজার টাকা আদায় করা হয়। ভুক্তভোগী দুজনই পাঁচলাইশ থানায় মামলা করেন। এর পরই পুলিশ অভিযান শুরু করে।

পরিদর্শক সাদিকুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া তিনজন চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করেছেন। মামলা হওয়া দুটি ঘটনায় তাঁরা জড়িত বলেও জানিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।