প্রধানমন্ত্রী আরও ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ১৩টি জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেছেন।

প্রধানমন্ত্রী আজ বুধবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি তৃতীয় ধাপে এই কমিউনিটি ভিশন সেন্টারগুলোর উদ্বোধন করেন।

এর ফলে দেশে মোট কমিউনিটি ভিশন সেন্টারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫। এই সেন্টারের মাধ্যমে তৃণমূলের এক-তৃতীয়াংশ মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসার আওতায় আনা হয়েছে।

প্রধানমন্ত্রী রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আয়োজিত মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। পাশাপাশি অনুষ্ঠানে ভোলার চরফ্যাশন, বরগুনার আমতলী, চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের পেকুয়ার কমিউনিটি ভিশন সেন্টারগুলো ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়। সেখানকার উপকারভোগীদের সঙ্গে পরে মতবিনিময়ও করেন প্রধানমন্ত্রী।

নতুন চালু হওয়া কমিউনিটি ভিশন সেন্টারের মধ্যে বরিশাল বিভাগে ২০টি, চট্টগ্রাম বিভাগে ২০টি, রাজশাহী বিভাগে ৪টি ও খুলনা বিভাগে ১টি রয়েছে।

প্রধানমন্ত্রী প্রথম ও দ্বিতীয় ধাপে আগে ৯০টি কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেছিলেন। যেগুলো বিনা মূল্যে আধুনিক ও উন্নত চোখের চিকিৎসা প্রদান করে দক্ষিণ এশিয়ায় রোল মডেল হয়ে উঠেছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক গোলাম মোস্তফা কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন।

অনুষ্ঠানে কমিউনিটি আই ভিশন সেন্টার থেকে বিনা মূল্যে চোখের চিকিৎসা প্রদান–সংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

কমিউনিটি ভিশন সেন্টার থেকে এখন পর্যন্ত ১৩ লাখ ৩১ হাজার ৫৭৭ ব্যক্তি চোখের চিকিৎসা নিয়েছেন। সেন্টার থেকে ২ লাখ ১০ হাজার ৮৬৮ জন বিনা মূল্যে চশমা পেয়েছেন।