
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা) দেশে আরও এক শিশু মারা গেছে। একই সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯২ শিশু। হাম শনাক্ত হয়েছে ১৭৩ জনের আর উপসর্গে আক্রান্ত হয়েছে ৮১৯ জন।
হামের উপসর্গ নিয়ে ঢাকায় ওই শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৭৪২ শিশুর।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৪৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৭ হাজার ৩৮৪ শিশুর। এ সময় হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৯৬৪ শিশুর। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ২০ হাজার ৩৪৮ শিশু।
১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৫২২ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৬ হাজার ৮৪৪ জন।