
তুরস্কের রাজধানী আঙ্কারায় আয়োজিত আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ–২০২৩ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ‘মার্স রোভার টিম’। গত ১৯ থেকে ২৩ জুলাই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
আঙ্কারায় মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের রোভার দল নিয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আয়োজন করে স্পেস এক্সপ্লোরেশন সোসাইটি।
চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দলগুলোকে বিশেষজ্ঞ নির্বাচকদের সামনে চারটি মিশন ও বেশ কয়েকটি সাব টাস্কের মাধ্যমে তাঁদের রোভারের দক্ষতা প্রদর্শন করতে হয়। এসব মিশন মূল্যায়নের ক্ষেত্রে প্রতিযোগিতার নির্দেশিকার ভিত্তিতে বিচারকেরা অংশগ্রহণকারীদের নম্বর নির্ধারণ করেছেন।
এ বছর আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় পাঁচ দেশের ২৪টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে চূড়ান্ত পর্বে যাওয়ার যোগ্যতা অর্জন করেছিল ১৯টি দল। চূড়ান্ত পর্বে এই ১৯ দলের মধ্যে প্রতিযোগিতা হয়। এ দলগুলোর মধ্যে ইউআইইউ মার্স রোভার টিম তৃতীয় স্থান অর্জন করে।
ইউআইইউ মার্স রোভার টিমের এ প্রকল্পের নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইউ) বিভাগের শিক্ষার্থী আবিদ হোসাইন। দলের অন্য সদস্যরা হলেন আহমেদ জুনায়েদ, টি এম আল আনাম, সুরাইয়া আফরোজ, মেঘবরন পল, শেখ সাকিব হোসেন, মেহরাব হোসেন, মো. ইয়াসিন, আবদুল্লাহ আল মাসুদ, সরোওয়ার হোসেন ও ফাহাদ রহমান।
দলটির নির্দেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রভাষক আকিব জামান। তত্ত্বাবধান সহযোগী ছিলেন একই বিভাগের অধ্যাপক সালেকুল ইসলাম।