র‍্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনার গ্রেড-১-এ উন্নীত হলেন

এম খুরশীদ হোসেন ও খন্দকার গোলাম ফারুক
এম খুরশীদ হোসেন ও খন্দকার গোলাম ফারুক

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুককে সচিবের (গ্রেড-১) পদমর্যাদা দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁদের চাকরি গ্রেড-১-এ উন্নীত করার কথা জানানো হয়।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক র‌্যাঙ্কধারী এই দুই কর্মকর্তা এত দিন জাতীয় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পেয়ে আসছিলেন। এখন তাঁদের বেতন-ভাতা হবে গ্রেড-১ অনুযায়ী।

সরকারি বেতন স্কেল অনুযায়ী, গ্রেড-২-এ মূল বেতন ৬৬ হাজার টাকা আর গ্রেড-১-এ মূল বেতন ৭৮ হাজার টাকা। এ সিদ্ধান্তের ফলে বেতন বাড়লেও আগের পদেই থাকছেন ডিএমপি কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক।

চিঠিতে বলা হয়েছে, ‘বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড-২ পদের বিপরীতে গ্রেড-১-এর দুটি সুপারনিউমারারি পদ (অবসর, অপসারণ কিংবা অন্য কোনো কারণে পদ শূন্য হলে বিলুপ্তির শর্তে) অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনের সরকারি মঞ্জুরি প্রদান করা হয়।’

এম খুরশীদ হোসেন বিসিএস পুলিশের ১২তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯১ সালে পুলিশে যোগ দেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে জন্ম নেওয়া এম খুরশীদ হোসেন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র‌্যাবের ডিজির দায়িত্ব পান। কর্মজীবনে তিনি পাবনা, মাদারীপুর, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া অতিরিক্ত ডিআইজি হিসেবে তিনি পুলিশ সদর দপ্তর ও রাজশাহী রেঞ্জে দায়িত্ব পালন করেছেন। র‌্যাবে যোগ দেওয়ার আগে তিনি অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে খন্দকার গোলাম ফারুক বিসিএস পুলিশের ১২তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯১ সালে পুলিশে যোগ দেন। টাঙ্গাইলের ভূঞাপুরে জন্ম নেওয়া গোলাম ফারুক ২০২২ সালের ২৯ অক্টোবর ডিএমপি কমিশনারের দায়িত্ব পান। কর্মজীবনে তিনি ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, ঝালকাঠি, জামালপুর ও ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া অতিরিক্ত ডিআইজি হিসেবে তিনি ডিএমপি ও ঢাকা রেঞ্জ পুলিশে কাজ করেছেন। এরপর ডিএমপিতে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) হিসেবে কাজ করেন। তিনি রংপুর ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তিনি সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।