সৈয়দ নিজার, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সৈয়দ নিজার, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সৈয়দ নিজারের লেখা

বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কী করা দরকার

রবীন্দ্রনাথ ঠাকুর ‘বিশ্ববিদ্যালয়ের রূপ’ প্রবন্ধে যথার্থই বলেছেন, আমাদের এই অঞ্চলে বিশ্ববিদ্যালয়ের ধারণা ইউরোপ থেকে এসেছে। তবে এখানে যে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান ছিল না, তা নয়। পাল রাজাদের সময় বিকশিত নালন্দা মহাবিহার বা সোমপুর মহাবিহার এর উদাহরণ। ঔপনিবেশিক আমলে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলো ইউরোপীয়। তবে ইউরোপের সব বিশ্ববিদ্যালয় একধরনের নয়। আমরা অনেক সময় ভাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, টোকিও বিশ্ববিদ্যালয় এবং ১০০ বছর আগের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একই ধরনের প্রতিষ্ঠান; কিন্তু তা একেবারেই নয়।

বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ধারণা আছে। প্রথম ধারণাটি হলো বিকাশধর্মী বা পাঠদানকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়। একাদশ ও দ্বাদশ শতাব্দীতে ইউরোপে গিল্ডভিত্তিক যে বিশ্ববিদ্যালয়গুলো আবির্ভূত হয়েছিল, পাঠদানকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়গুলো তারই উত্তরসূরি। এ ধরনের বিশ্ববিদ্যালয় এনলাইটেনমেন্ট প্রকল্পের সঙ্গে যুক্ত, ঔপনিবেশিক আমলে এর ব্যাপক প্রসার ঘটে।

দ্বিতীয় ধরনের বিশ্ববিদ্যালয় গবেষণাধর্মী। প্রুশিয়ার ভাষাবিদ ও তৎকালীন শিক্ষাবিষয়ক কর্মকর্তা ভিলহেল্ম ফন হামবোল্ট উনিশ শতকের গোড়ার দিকে জার্মানির বার্লিনে প্রথম গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

তৃতীয় ধারণাটি মিশ্র। এ ধরনের বিশ্ববিদ্যালয় আমরা প্রথম দেখতে পাই যুক্তরাষ্ট্রে। বর্তমান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর একটি উদাহরণ। সেখানে স্নাতক পর্যায়ে গুরুত্ব দেওয়া হয় পাঠদানে, স্নাতকোত্তর পর্যায়ে গবেষণায়। চার্লস ডব্লিউ এলিয়ট হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়ত্বি পালনের সময় গবেষণা ও পাঠদানকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ের ধারণার সম্মিলন ঘটান। এখন বিশ্বজুড়ে এ ধরনের বিশ্ববিদ্যালয় দেখা যায়। উত্তর-ঔপনিবেশিক দেশগুলোতে আরেক ধরনের বিশ্ববিদ্যালয়ের ধারণা আজকাল বেশ জনপ্রিয় হচ্ছে, তা হলো বি-ঔপনিবেশিক বিশ্ববিদ্যালয়।

আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো কোন মডেলে গড়ে তোলা? টোকিও ও সিউল বিশ্ববিদ্যালয় ভালো করছে, অথচ ঢাকা, কলকাতা বা যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন করছে না—এটি একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ প্রশ্ন। রবীন্দ্রনাথ যে বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করছিলেন, ভারতবর্ষে তার প্রথম প্রতিষ্ঠা ঘটে ১৮৫৭ সালে ইংরেজদের হাত ধরে। উনিশ শতকের মধ্যভাগে কথা ওঠে যে কলেজগুলো যথেষ্ট মানসম্পন্ন নয়। তাই মান নিয়ন্ত্রণের জন্য একটি প্রতিষ্ঠানের প্রয়োজনে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। বাজেট ধরা হয়েছিল আড়াই লাখ রুপি। কথা ছিল একটিমাত্র বিশ্ববিদ্যালয় হবে। সেই একই বাজেটে তিনটি বিশ্ববিদ্যালয় করা হলো—কলকাতা, মাদ্রাজ ও মুম্বাই।

এসব বিশ্ববিদ্যালয় একেবারেই অক্সফোর্ড বা কেমব্রিজের আদলে গড়া হয়নি। তখন অক্সফোর্ড ও কেমব্রিজে পড়তে হলে কোনো চার্চের সদস্য হতে হতো; শপথ নিতে হতো যে রাজার বিরোধিতা করা হবে না। ১৮৩৪ সালে ব্রিটিশ পার্লামেন্টে এই শপথ বাতিলের একটি বিল আসে। তবে শপথ বিষয়ে রাজার শক্ত অবস্থানের কারণে তা বাতিল করা সম্ভব হয়নি। হাউস অব কমন্সে বিলটি পাস হলেও হাউস অব লর্ডসে পাস হয়নি। সেই প্রেক্ষাপটে একটি নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব করা হয়, যার নাম ইউনিভার্সিটি অব লন্ডন।

গবেষণায় উদ্বুদ্ধ করতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব শিক্ষার্থীর জন্য থিসিস বা ডিজার্টেশন বাধ্যতামূলক করা প্রয়োজন। বর্তমানে বাংলা গবেষণার একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো চৌর্যবৃত্তি ও এআই-প্রণীত লেখা শনাক্ত করার সফটওয়্যারের অভাব।

ভারতবর্ষে প্রথমে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তা ছিল ইউনিভার্সিটি অব লন্ডনের আদলে গড়া কলকাতা বিশ্ববিদ্যালয়। এর মূল কাজ ছিল পরীক্ষা গ্রহণ। ব্রিটিশ আমলে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রতিষ্ঠাকালীন বাজেট ছাড়া অন্য কোনো নির্দিষ্ট বরাদ্দ ছিল না।

সে সময় ভারতবর্ষের শিক্ষার মান খুব ভালো ছিল না। উনিশ শতকের শেষ দিকে জর্জ ন্যাথানিয়েল কার্জন ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় হিসেবে দায়িত্ব নেন। তিনি অজনপ্রিয় গভর্নর জেনারেল ছিলেন। জনপ্রিয়তা বাড়ানোর জন্য বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙে দুটি প্রদেশ এবং শিক্ষা খাতে অনুদান ঘোষণা করেন। উল্লেখ্য, সে সময়ে ইংল্যান্ডে ভারতবর্ষের শিক্ষার মান নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল। অভিযোগ ছিল গাইড বইয়ের কিছু প্রশ্ন মুখস্থ করে পরীক্ষায় পাসের কারণে ব্রিটিশ সরকার যোগ্য কর্মচারী খুঁজে পাচ্ছে না।

শিক্ষার মান উন্নত করার দাবি ওঠার কারণে ১৯০৪ সালে প্রথমবারের মতো সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতিবছর পাঁচ লাখ রুপি খরচ করা হবে। গঠন করা হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ‘মঞ্জুরি’ শব্দের অর্থ মঞ্জুর করা। এই কমিশনের মূল কাজ ছিল অর্থ মঞ্জুর করা। এর ক্ষমতা ছিল অত্যন্ত সীমিত। ১৯৭৩ সালের নতুন আইনে এবং পরে কিছু সংশোধনের মাধ্যমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) কিছুটা ক্ষমতা দেওয়া হয়। তবু কমিশন থাকা সত্ত্বেও এখনো সরকারই সরাসরি উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ করে। 

আমাদের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়েছে

বঙ্গভঙ্গ রদের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। কলকাতা, মুম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় মূলত পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, পাঠদানকারী প্রতিষ্ঠান হিসেবে নয়। উনিশ শতকের অক্সফোর্ডের মতো পাঠদানকারী বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কারণে একে বলা হয় ‘প্রাচ্যের অক্সফোর্ড’। উনিশ শতকের অক্সফোর্ডের তৎকালীন মডেল ছিল বিকাশধর্মী বা পাঠদানকেন্দ্রিক এবং তা এনলাইটেনমেন্ট প্রকল্পের অংশ। যে বিষয়বস্তু এবং পাঠ্যক্রম এখানে পড়ানো হতো, তা ছিল ইউরোপীয়। তাই দেখা যেত, উদ্ভিদবিজ্ঞানে স্নাতক করা শিক্ষার্থী এই অঞ্চলে কোনো গাছ চিনতে পারত না; কারণ, তাকে পড়ানো হতো শীতপ্রধান এলাকার উদ্ভিদ। কিন্তু বিশ শতকের গোড়ার দিকে অক্সফোর্ড আর শুধু পাঠদানকেন্দ্রিক বিশ্ববিদ্যালয় ছিল না, গবেষণাকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল। 

জার্মানিতে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ের মডেল অনুসরণ করা হয়। জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, এমনকি চীনেও কিছু বিশ্ববিদ্যালয় এই মডেল অনুসরণ করে। আজ গবেষণার ক্ষেত্রে যে পার্থক্য দেখা যায়, তার অন্যতম কারণ এই দুই মডেলের ভিন্নতা।

ওপরে উল্লেখ করা কোনো মডেল সরাসরি অনুসরণ করলে আমাদের খুব একটা উপকার মিলবে না। আমাদের স্থান–কালনির্ভর পাঠ্যক্রম ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় নির্মাণ এবং বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোর সেদিকে রূপান্তর প্রয়োজন। আমাদের প্রয়োজন দ্রুত বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা, শিক্ষক ও শিক্ষার্থীকেন্দ্রিক কিছু পদক্ষেপ গ্রহণ করা। 

উনিশ শতকের শেষ দিকে জর্জ ন্যাথানিয়েল কার্জন ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় হিসেবে দায়িত্ব নেন। তিনি অজনপ্রিয় গভর্নর জেনারেল ছিলেন। জনপ্রিয়তা বাড়ানোর জন্য বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙে দুটি প্রদেশ এবং শিক্ষা খাতে অনুদান ঘোষণা করেন।

১. বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তর করতে হবে, যাতে বাংলাদেশের সমগ্র উচ্চশিক্ষা ব্যবস্থাপনা করা যায়। বর্তমানে ইউজিসি শুধু বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করে, কিন্তু প্রয়োজন পুরো উচ্চশিক্ষা এর আওতায় আনা। ইউজিসিকে পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, যাতে এটি জাতীয় উচ্চশিক্ষা কৌশল নির্ধারণ, জ্ঞান উৎপাদন ও সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনায় অধি-বিশ্ববিদ্যালয় হিসেবে কাজ করতে পারে। উচ্চশিক্ষা কমিশন অধ্যাদেশ ২০২৫-এ অনেক সীমাবদ্ধতা রয়েছে। তবু মঞ্জুরি কমিশনকে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তরের এটি প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন এটি বাস্তবায়নের দিকে এগোতে হবে।

২. বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় উনিশ শতকের ইউনিভার্সিটি অব লন্ডনের মডেল অনুসরণ করছে। এটি একটি সস্তা উচ্চশিক্ষা মডেল, যা মানসম্পন্ন শিক্ষার জন্য যথেষ্ট নয়। এখানে শিক্ষার্থীরা কলেজে পড়ে, কিন্তু পরীক্ষা দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। এতে সরকার নিজের দায় এড়াতে পারে। দেশে ২,২০০-২,৩০০টি কলেজ রয়েছে। প্রতিবছর প্রায় সাত লাখ শিক্ষার্থী স্নাতক পাস করে, তার ৪০ শতাংশ আসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ থেকে। মানের দুর্বলতার কারণে বেকারত্বের হার প্রায় ৩০ শতাংশ। তাই সরকারি কলেজগুলোকে উচ্চশিক্ষা কমিশনের অধীনে আনতে হবে। গুরুত্বপূর্ণ কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে, বাকিগুলো বিলুপ্ত বা একীভূত করতে হবে। বর্তমানে সাত লাখ স্নাতকের মধ্যে সর্বোচ্চ তিন লাখের কর্মসংস্থান সম্ভব। তাই অতিরিক্ত শিক্ষার্থীদের জন্য ভোকেশনাল ও কারিগরি প্রতিষ্ঠানে গুরুত্ব দিতে হবে।

কোনো গবেষণা, ক্লাসরুমের আলোচনা বা সেমিনারের বিষয়বস্তু রাষ্ট্র, সমাজ বা ধর্মের বিরুদ্ধে গেলেও তা রাষ্ট্রীয় আইনে অপরাধ হিসেবে গণ্য হবে না। মতপ্রকাশের কারণে শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না

৩. গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে গবেষণার স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো গবেষণা আপাতভাবে রাষ্ট্র, সমাজ বা ধর্মের বিরুদ্ধে গেলেও তার প্রকাশ ও আলোচনার সুযোগ থাকতে হবে।

১৯৭৩ সালের অধ্যাদেশে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের রাজনৈতিক দলের সদস্য হওয়ার অধিকার দেওয়া হলেও জ্ঞানজাগতিক স্বাধীনতা বা একাডেমিক ফ্রিডমের কোনো উল্লেখ নেই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনৈতিক দলের সদস্য হওয়ার অধিকারও দেওয়া হয়নি।

একাডেমিক ফ্রিডম নিশ্চিত করতে তিনটি বিষয় জরুরি। প্রথমত, কোনো গবেষণা, ক্লাসরুমের আলোচনা বা সেমিনারের বিষয়বস্তু রাষ্ট্র, সমাজ বা ধর্মের বিরুদ্ধে গেলেও তা রাষ্ট্রীয় আইনে অপরাধ হিসেবে গণ্য হবে না। মতপ্রকাশের কারণে শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না। দ্বিতীয়ত, এই স্বাধীনতা শুধু শিক্ষকদের জন্য নয়, শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রেও প্রযোজ্য হতে হবে। তৃতীয়ত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির নিশ্চয়তা নেই। তাঁদের চাকরির নিশ্চয়তা দিতে একটি নীতিমালা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান নিয়োগপ্রক্রিয়া দ্রুত পরিবর্তন করা দরকার।

বাংলাদেশের স্নাতকদের দেশি ও বৈশ্বিক শ্রমবাজারের জন্য অদক্ষ বলে মনে করা হয়। এর কারণ বহুবিধ। দেশের শ্রমবাজারের জন্য অপ্রস্তুতির কারণ বৈশ্বিক শ্রমবাজারের কারণ থেকে ভিন্ন।

৪. গবেষণা ও গবেষণালব্ধ জ্ঞান সংরক্ষণ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অথচ বাংলাদেশে গবেষণালব্ধ জ্ঞান সংরক্ষণের তেমন কোনো উদ্যোগ দেখা যায় না। দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ ও বিভাগ থেকে প্রতিবছর জার্নাল প্রকাশিত হয়, কিন্তু সেগুলো জনপরিসরে প্রায় কখনোই পৌঁছায় না। তাই ইউজিসির দায়িত্ব হওয়া উচিত দেশের সব জার্নাল একটি কেন্দ্রীয় সার্ভারে প্রকাশ করা।

এতে দুটি সুবিধা হবে। প্রথমত, এটি একটি জ্ঞানভান্ডার গড়ে তুলতে সহায়তা করবে। দ্বিতীয়ত, লেখাগুলো অনলাইনে সহজলভ্য থাকলে জার্নালগুলো নিজেরাই মান নিয়ন্ত্রণে বাধ্য হবে, ফলে মানহীন লেখা প্রকাশের প্রবণতা তুলনামূলকভাবে কমে আসবে।

গবেষণায় উদ্বুদ্ধ করতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব শিক্ষার্থীর জন্য থিসিস বা ডিজার্টেশন বাধ্যতামূলক করা প্রয়োজন। বর্তমানে বাংলা গবেষণার একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো চৌর্যবৃত্তি ও এআই-প্রণীত লেখা শনাক্ত করার সফটওয়্যারের অভাব। তাই ইউজিসিকে দ্রুত এগুলো শনাক্ত করার সফটওয়্যার তৈরি করতে হবে।

৫. বাংলাদেশের স্নাতকদের দেশি ও বৈশ্বিক শ্রমবাজারের জন্য অদক্ষ বলে মনে করা হয়। এর কারণ বহুবিধ। দেশের শ্রমবাজারের জন্য অপ্রস্তুতির কারণ বৈশ্বিক শ্রমবাজারের কারণ থেকে ভিন্ন। দেশের শ্রমবাজারে অপ্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ কারণ হলো যথাযথ পাঠ্যক্রম না থাকা। বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের পাঠ্যক্রম ও পাঠ্যবই ব্যবহার করা হয়, যা সেখানকার ভূগোল, আইন, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির প্রেক্ষাপটে তৈরি। অথচ বাংলাদেশের শ্রমবাজারের জন্য প্রস্তুত হতে হলে এ দেশের ভৌগোলিক প্রেক্ষাপট, আইন, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক চরিত্র সম্পর্কে গভীর জ্ঞান থাকা জরুরি। কিন্তু এ বিষয়ে আমাদের যথেষ্ট পাঠ্যপুস্তক নেই। ইউজিসির প্রয়োজন একটি দীর্ঘমেয়াদি প্রকল্প, যার মাধ্যমে বাংলাদেশবিষয়ক বিভিন্ন গবেষণাকে উৎসাহিত করা হবে এবং সেই গবেষণার ভিত্তিতে পাঠ্যক্রম তৈরি করা হবে। এতে শিক্ষার্থীরা দেশের শ্রমবাজারের জন্য প্রাসঙ্গিক দক্ষতা অর্জন করতে পারবে।

ওপরের প্রস্তাবগুলো বাস্তবায়ন করলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সব সমস্যার সমাধান হয়তো হবে না, তবে তা উন্নয়নে সহায়তা করবে। এসব নীতি গ্রহণ না করা হলে বিশ্ববিদ্যালয়গুলোর উন্নতির সম্ভাবনা ক্ষীণই থেকে যাবে।

* সৈয়দ নিজার: অধ্যাপক, দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়