মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করার সুপারিশ

মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা প্রণয়ন করার সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে এই তালিকা করার সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি নিয়ে আলোচনা হয়। সদস্যদের কেউ কেউ অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক ভুয়া ব্যক্তিকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়, যাঁরা আসলে যুদ্ধ করেননি। আবার অনেক প্রকৃত বীর মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। ২০০৬ সাল পর্যন্ত যে তালিকা ছিল, সেটা বিবেচনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ–সুবিধা নিয়েও আলোচনা হয়।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ–সুবিধা পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার যথাযথ ব্যবস্থা, বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা যাতে তাঁদের প্রয়োজনীয় সম্মান পান, সে বিষয় সচেষ্ট থাকার পরামর্শ দেয়। আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্যদের মধ্যে বৈঠকে অংশ নেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, আবদুল হান্নান ও রোকেয়া বেগম।